চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই ও আগস্টে বাংলাদেশ বিদেশি ঋণ পরিশোধ করেছে ৬৯ কোটি ৮৯ লাখ ২০ হাজার ডলার। দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) রোববার প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত অর্থবছরের একই সময়ে বিদেশি ঋণ পরিশোধ হয়েছিল ৬৬ কোটি ৭১ লাখ ১০ হাজার ডলার বা প্রায় ৮ হাজার ১৩১ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে ঋণ পরিশোধ বেড়েছে ৩ কোটি ১৮ লাখ ১০ হাজার ডলার।
জুলাই-আগস্টে পরিশোধিত অর্থের মধ্যে মূল ঋণের কিস্তি ছিল ৫১ কোটি ৬০ লাখ ৪০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৬ হাজার ৩৬৯ কোটি টাকা। একই সময়ে ঋণের সুদ বাবদ পরিশোধ করা হয়েছে ১৮ কোটি ২৮ লাখ ৮০ হাজার ডলার বা প্রায় ২ হাজার ২৫৭ কোটি টাকা।
অন্যদিকে, অর্থবছরের প্রথম দুই মাসে বাংলাদেশ বিদেশি ঋণের অর্থছাড় পেয়েছে ২৯ কোটি ৪৫ লাখ ৬০ হাজার ডলার।
এ সময়ে নতুন করে ২৪ কোটি ডলারের বিদেশি ঋণের প্রতিশ্রুতিও পেয়েছে বাংলাদেশ। গত অর্থবছরের একই সময়ে নতুন ঋণ প্রতিশ্রুতির পরিমাণ ছিল ২৪ কোটি ৩৮ লাখ ডলার।
ফলে চলতি অর্থবছরের শুরুতে ঋণ পরিশোধের পরিমাণ বাড়লেও নতুন ঋণের প্রতিশ্রুতি গত বছরের একই সময়ের তুলনায় সামান্য কমেছে।

মন্তব্য করুন