ভারতে বিদেশি পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। চলতি বছরের আগস্টে দেশটিতে প্রায় ৬ লাখ ৯১ হাজার বিদেশি পর্যটক ভ্রমণ করেছেন। এর মধ্যে সবচেয়ে বড় অংশ ছিলেন বাংলাদেশি নাগরিক।

ভারতের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের আগস্টে ভারত ভ্রমণ করেছিলেন প্রায় ৬ লাখ ২৫ হাজার বিদেশি। এক বছরের ব্যবধানে এবার বিদেশি পর্যটকের সংখ্যা বেড়েছে ১০ দশমিক ৬ শতাংশ।

তবে সামগ্রিক বৃদ্ধির চেয়েও বেশি নজর কেড়েছে বাংলাদেশি পর্যটকের সংখ্যা। আগস্টে বাংলাদেশ থেকে ৭৪ হাজারের বেশি মানুষ ভারত ভ্রমণ করেছেন। গত বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা প্রায় ৮০ শতাংশ বেশি।

ফলে আগস্টে ভারতে বিদেশি পর্যটক আসার ক্ষেত্রে বাংলাদেশ অন্যতম প্রধান উৎসবাজারে পরিণত হয়েছে।

শুধু বাংলাদেশ নয়, ভারত ভ্রমণে চীনা পর্যটকের সংখ্যাও বেড়েছে। আগস্টে চীন থেকে ৯ হাজারের বেশি পর্যটক ভারতে গেছেন। গত বছরের আগস্টের তুলনায় এই সংখ্যা দ্বিগুণেরও বেশি।

সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ও চীন, দুই দেশের নাগরিকদের ভারত ভ্রমণের ক্ষেত্রে নানা ধরনের সীমাবদ্ধতা ও বাধা ছিল। এর মধ্যেও চলতি বছরের আগস্টে দুই দেশ থেকেই পর্যটক বৃদ্ধির হার উল্লেখযোগ্য বলে ভারতের পর্যটন খাতের পরিসংখ্যানে উঠে এসেছে।