২০২৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর মিরপুরে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে অভিযোগটি জমা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. ইলিয়াস উদ্দিন মোল্লা এবং যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। তবে বাকি আসামিদের নাম প্রসিকিউশনের পক্ষ থেকে এখনও প্রকাশ করা হয়নি।

প্রসিকিউশন জানায়, দীর্ঘ তদন্ত শেষে তদন্ত সংস্থা চিফ প্রসিকিউটর কার্যালয়ে প্রতিবেদন জমা দেয়। যাচাই-বাছাই শেষে সেটি আনুষ্ঠানিক অভিযোগ হিসেবে ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে।

প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই এবং ৪ ও ৫ আগস্ট মিরপুর-১০ গোলচত্বর ও পল্লবীর বিভিন্ন এলাকায় ৫০ জনের বেশি নিরীহ ও নিরস্ত্র ছাত্র-জনতাকে গুলি করে হত্যার অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

তিনি জানান, একটি অভিযোগে কয়েক দিনের ঘটনাগুলো তুলে ধরা হয়েছে এবং ১৯ আসামির প্রত্যেকের ভূমিকা আলাদাভাবে উল্লেখ করা হয়েছে।