আল-আকসা মসজিদে ইসরায়েলি কর্মকর্তা ও উগ্রপন্থী বসতি স্থাপনকারীদের ‘অব্যাহত উসকানিমূলক কর্মকাণ্ডের’ নিন্দা জানিয়েছে সৌদি আরব। সোমবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ নিন্দা জানায়।

সৌদি মন্ত্রণালয়ের বিবৃতির আগে সোমবার ১ হাজার ৭৩১ জন বসতি স্থাপনকারী আল-আকসা মসজিদের প্রাঙ্গণে প্রবেশ করেন। এরপর ইসরায়েলি কর্তৃপক্ষ মসজিদ চত্বরে প্রবেশের অন্যতম পথ মাঘারিবাহ গেট বন্ধ করে দেয়।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার প্রতিবেদনের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরায়েলি পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যে দলবদ্ধভাবে মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেন বসতি স্থাপনকারীরা। সেখানে তারা তালমুদীয় আচার-অনুষ্ঠান ও প্রার্থনা পালন করেন। ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরও ওই দলে ছিলেন।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আল-আকসা মসজিদের পবিত্রতা ও এর ধর্মীয় ও ঐতিহাসিক মর্যাদার ওপর এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং বিশ্বজুড়ে মুসলমানদের অনুভূতিতে উসকানি সৃষ্টি করে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সৌদি আরবের অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে।

একই বিবৃতিতে দক্ষিণ লেবাননের কিছু এলাকা এবং গাজা উপত্যকার ‘ইয়েলো লাইন’ পর্যন্ত বিস্তৃত ভূখণ্ড সংযুক্ত করার বিষয়ে ইসরায়েলি বক্তব্যেরও নিন্দা জানিয়েছে সৌদি আরব।

মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের যেকোনো সম্প্রসারণবাদী প্রচেষ্টা প্রত্যাখ্যান করে সৌদি আরব। একই সঙ্গে ১৯৬৭ সালের সীমারেখার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে দেশটি।