২০২৭ সালের জানুয়ারি থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে এবং আগামী বছরের ৬ জুনের মধ্যে সব নির্বাচন শেষ করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুড়িগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, যারা নির্বাচনে অংশ নিতে চান, তারা এখন থেকেই মানসিকভাবে প্রস্তুতি নিতে পারেন। তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা–সংক্রান্ত সভায় প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।

মীর শাহে আলম বলেন, নির্বাচন নিয়ে কোনো ধরনের বিতর্ক বা কলঙ্ক সরকার বা বিএনপি নিতে চায় না। সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন কমিশনকেও সার্বিক সহযোগিতা করা হবে বলে জানান তিনি।

এর আগে কুড়িগ্রাম সার্কিট হাউজে পৌঁছালে স্থানীয় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে স্থানীয় বিএনপি নেতারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিবসহ স্থানীয় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।