মস্কোতে অনুষ্ঠিত ‘ব্রিকস প্লাস ফ্যাশন সামিট’-এ ফ্যাশন ও সৃজনশীল কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার নিয়ে আলোচনা করেছেন বিভিন্ন দেশের ডিজাইনার, সংস্কৃতিবিষয়ক ব্যক্তিত্ব ও আইনি বিশেষজ্ঞরা। আলোচনায় এআইয়ের সম্ভাবনার পাশাপাশি মানুষের সৃজনশীল দায়বদ্ধতা ও মেধাস্বত্বের প্রশ্নটি গুরুত্ব পায়।
নয়াদিল্লির ডিজাইনার কনিকা গোয়াল বলেন, এআই ব্যবহার করলেও চূড়ান্ত সিদ্ধান্ত মানুষেরই। তাঁর মতে, কোনো স্রষ্টা এআইয়ের তৈরি ফলাফল যাচাই বা পরিবর্তন না করে সরাসরি গ্রহণ করলে সৃষ্টিকর্মের মালিকানা নিয়ে প্রশ্ন তৈরি হতে পারে। অর্থাৎ প্রযুক্তি সহায়ক হলেও কাজের উদ্দেশ্য, নির্বাচন ও চূড়ান্ত সিদ্ধান্তের দায় স্রষ্টারই।
সেশেলস ফ্যাশন উইকের সিইও টেরি ক্যারোলো বলেন, এআই তরুণ ডিজাইনারদের জন্য নতুন সুযোগ তৈরি করছে। তবে স্থানীয় ‘ক্রেওল’ ঐতিহ্য রক্ষায় নকশা তৈরির প্রক্রিয়া ও মূল উৎস যথাযথভাবে নথিবদ্ধ করা জরুরি।
আলোচনায় এআই মডেলের প্রশিক্ষণ ডেটা থেকে অন্যের শিল্পশৈলী পুনরুৎপাদন এবং এর মেধাস্বত্ব নিয়ে উদ্বেগও উঠে আসে। অংশগ্রহণকারীরা কাজের ধাপ ও উৎসের রেকর্ড সংরক্ষণ এবং স্পষ্ট নিয়ম তৈরির ওপর গুরুত্ব দেন।
প্যানেলিস্টদের মতে, এআই সৃজনশীলতার সহায়ক হাতিয়ার হতে পারে; তবে এর ব্যবহারের ক্ষেত্রে মানুষের সিদ্ধান্ত, দায়বদ্ধতা এবং সাংস্কৃতিক ও মেধাস্বত্ব সুরক্ষা নিশ্চিত করাই প্রধান বিষয়।



মন্তব্য করুন