৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসের (সাধারণ শিক্ষা) ক্যাডারে ৬১১ জন প্রার্থীকে নিয়োগ দিয়েছে সরকার। এ নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন বুধবার (৩০ সেপ্টেম্বর) জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ২৭ নভেম্বর ২০২৫ তারিখের সুপারিশের ভিত্তিতে ৬১১ জনকে সাধারণ শিক্ষা ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগপ্রাপ্তদের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র অথবা সরকার নির্ধারিত প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ নিতে হবে। এরপর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পেশাগত ও বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে। তাদের দুই বছর শিক্ষানবিস হিসেবে কাজ করতে হবে। প্রয়োজনে এ মেয়াদ আরও দুই বছর বাড়ানো যেতে পারে।
প্রশিক্ষণ সফলভাবে শেষ করা, বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এবং শিক্ষানবিসকাল সন্তোষজনকভাবে সম্পন্ন করার পর চাকরি স্থায়ী করা হবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, শিক্ষানবিসকাল চলাকালে অথবা তা শেষ হওয়ার তিন বছরের মধ্যে চাকরি ছাড়লে প্রশিক্ষণকালে পাওয়া বেতন-ভাতা, অগ্রিম, ভ্রমণ ও অন্যান্য ভাতাসহ সরকারের ব্যয় করা প্রশিক্ষণ-সংক্রান্ত অর্থ ফেরত দিতে হবে।
চাকরিতে যোগদানের সময় নিয়োগপ্রাপ্তদের নিজেদের ও পরিবারের সদস্যদের স্থাবর-অস্থাবর সম্পত্তির বিবরণ জমা দিতে হবে। পরে প্রতি পাঁচ বছর পর সম্পত্তির হ্রাস-বৃদ্ধির হিসাবও জমা দিতে হবে। চাকরিতে যোগদানের জন্য কোনো ভ্রমণ বা দৈনিক ভাতা দেওয়া হবে না।
নিয়োগের শর্ত গ্রহণযোগ্য হলে আগামী ১২ অক্টোবরের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত কার্যালয়ে যোগ দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে সংশ্লিষ্ট ব্যক্তি চাকরিতে যোগ দিতে সম্মত নন বলে গণ্য হবেন এবং তার নিয়োগপত্র বাতিল বলে বিবেচিত হবে।



মন্তব্য করুন