রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকার ও পুলিশের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় সিটি করপোরেশনের কয়েকটি গাড়িতে আগুন দেওয়া এবং পুলিশের একটি গাড়ি ও উচ্ছেদ অভিযানে ব্যবহৃত ভেকু ভাঙচুরের ঘটনা ঘটে।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে হোপ মার্কেটের সামনের ফুটপাতে উচ্ছেদ অভিযান চলাকালে এ ঘটনা ঘটে। মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ফুটপাত উচ্ছেদ অভিযান চলার সময় বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে হকার ও ফুটপাতে ব্যবসায়ীদের সঙ্গে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে তারা সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেন। একই সময় উচ্ছেদ অভিযানে ব্যবহৃত ভেকু ও পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম জানান, মিরপুর-১০ নম্বরের হোপ মার্কেটে আগুন লাগার খবর পেয়ে প্রথমে তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়।

তিনি বলেন, ঘটনাস্থলে পৌঁছানোর পর ফায়ার সার্ভিসের কর্মীদের একদল উচ্ছৃঙ্খল জনতার বাধার মুখে পড়তে হয়।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।