সৌদি আরবে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘রেড সি ইয়ট শো’। ২০২৭ সালের ১৪ থেকে ১৭ অক্টোবর জেদ্দা ইয়ট ক্লাব অ্যান্ড মেরিনায় অনুষ্ঠেয় এই আয়োজন থেকে ইয়ট বিক্রি, চার্টার ও বিলাসবহুল পর্যটনের মাধ্যমে ১৮০ কোটি সৌদি রিয়াল বা ৪৮ কোটি ডলারের বেশি আয় হবে বলে আশা করছে আয়োজকরা।

সৌদি প্রেস এজেন্সির (SPA) তথ্য অনুযায়ী, চার দিনের এই প্রদর্শনীতে প্রায় ৫০টি ইয়ট, ১৫০টি প্রদর্শক প্রতিষ্ঠান এবং ১০ হাজারের বেশি দর্শনার্থীর সমাগমের লক্ষ্য রয়েছে। প্রদর্শিত ইয়ট ও অন্যান্য জলযানের সম্মিলিত মূল্য ৩০০ কোটি ডলারের বেশি হতে পারে।

‘সেলা’ ও ‘তাহালুফ’ ইনফর্মা এবং বোট ইন্টারন্যাশনালের সহযোগিতায় এই আয়োজন করছে। মোনাকোর প্রতিষ্ঠিত ইয়ট বাজারকে সৌদির লোহিত সাগর উপকূলের সঙ্গে যুক্ত করাই এর অন্যতম লক্ষ্য।

লোহিত সাগরে সামুদ্রিক পর্যটন বাড়াতে ‘রেড সি গ্লোবাল’ ২০২৬ সালের শীতকাল থেকে আমালা ও শুরা দ্বীপকে যুক্ত করে ইয়টিং নেটওয়ার্ক চালুর পরিকল্পনা করছে। এতে প্রাথমিকভাবে ২৭৮টি বার্থ থাকবে এবং ১২০ মিটার পর্যন্ত দীর্ঘ ইয়ট ভেড়ানোর সুবিধা থাকবে।

ইয়ট প্রদর্শনীর পাশাপাশি শোতে বিলাসবহুল গাড়ি, ঘড়ি ও গয়নার প্রদর্শনী এবং ডাইনিং, গল্ফ ও ডাইভিংয়ের আয়োজন থাকবে। লোহিত সাগর উপকূলে পর্যটন ও সামুদ্রিক অবকাঠামো উন্নয়নে ২ হাজার ২৪০ কোটি ডলারের বেশি বিনিয়োগ চলছে বলেও জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

ইয়ট খাতের অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে জেদ্দায় বিশেষায়িত ইয়ট রক্ষণাবেক্ষণ কেন্দ্র স্থাপনের সম্ভাব্যতা যাচাইও চলছে। সৌদি রেড সি অথরিটির পূর্বাভাস, ২০৩০ সালের মধ্যে ইয়ট পর্যটন খাত ২ লাখ ৫০ হাজার পর্যটক আকর্ষণ, ২৯০ কোটি ডলারের অর্থনৈতিক কর্মকাণ্ড তৈরি এবং ২৮ হাজার কর্মসংস্থানে সহায়তা করতে পারে।