হজযাত্রীদের জন্য সেবা আরও সহজ ও ঝামেলামুক্ত করতে ২০২৭ সালের হজ মৌসুমে নতুন সমন্বিত ব্যবস্থা চালু করতে যাচ্ছে সৌদি আরব। নতুন ব্যবস্থায় হাজিদের আবাসন, খাবার, যাতায়াতসহ পবিত্র স্থানগুলোতে প্রয়োজনীয় বিভিন্ন সেবা একটি চুক্তির আওতায় পাওয়া যাবে।

আন্তর্জাতিক গণমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ইলেকট্রনিক পাথ প্ল্যাটফর্মের মাধ্যমে এই সমন্বিত প্যাকেজ চালুর উদ্যোগ নিয়েছে।

নতুন ব্যবস্থার আওতায় সৌদি আরবে পৌঁছানোর পর থেকে নিজ দেশে ফিরে যাওয়া পর্যন্ত হাজিদের বিভিন্ন প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা হবে। এর মধ্যে মক্কা ও মদিনায় আবাসন, যাতায়াত, খাবারের ব্যবস্থা এবং পবিত্র স্থানগুলোতে প্রয়োজনীয় সেবা অন্তর্ভুক্ত থাকবে।

তবে মূল প্যাকেজের বাইরে হাজিরা নিজেদের প্রয়োজন ও পছন্দ অনুযায়ী অতিরিক্ত সেবাও নিতে পারবেন। ফলে বিভিন্ন দেশের হজ এজেন্সিগুলো হাজিদের চাহিদা অনুযায়ী আরও নমনীয় ও মানসম্মত হজ কর্মসূচি তৈরি করতে পারবে।

সৌদি আরবের ১৪৪৮ হিজরি হজ মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। দেশটির ভিশন ২০৩০-এর লক্ষ্য অনুযায়ী হজ ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার পরিকল্পনাও রয়েছে।

হজ প্রক্রিয়াকে আরও ডিজিটাল ও সহজ করতে সৌদি আরব ইতোমধ্যে বিভিন্ন অনলাইন সেবা চালু করেছে। এর অংশ হিসেবে হজ ও ওমরাহ মন্ত্রণালয় ৭৫টির বেশি দেশের হজ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে।

নতুন সমন্বিত সেবা চালু হলে হাজিদের জন্য আলাদা আলাদা সেবা ব্যবস্থাপনার জটিলতা কমবে। একই সঙ্গে হজ এজেন্সিগুলোর জন্যও পরিকল্পনা ও সেবা ব্যবস্থাপনা আরও সহজ হবে বলে আশা করছে সৌদি কর্তৃপক্ষ।