এফআইএ ওয়ার্ল্ড এনডিউরেন্স চ্যাম্পিয়নশিপের (FIA-WEC) ভবিষ্যৎ সম্প্রসারণ ও বাণিজ্যিক সাফল্য নিশ্চিত করতে নতুন দীর্ঘমেয়াদি চুক্তি করেছে মোটরস্পোর্টসের নিয়ন্ত্রক সংস্থা ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ল’অটোমোবাইল (এফআইএ) এবং ২৪ আওয়ার্স অফ ল্য মঁসের আয়োজক অটোমোবাইল ক্লাব ডি ল’ওয়েস্ট (এওসি)।
বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ২০২৭ সালের শেষভাগ থেকে নতুন চুক্তি কার্যকর হবে এবং চলবে ২০৩৭ সালের শেষ পর্যন্ত। এফআইএ এবং এওসি জানিয়েছে, এই অংশীদারিত্বের মাধ্যমে চ্যাম্পিয়নশিপের নিয়ন্ত্রক কাঠামো, ব্র্যান্ডিং ও বাণিজ্যিক কার্যক্রম আরও শক্তিশালী হবে।
এফআইএ প্রেসিডেন্ট মোহাম্মদ বিন সুলায়েম চুক্তিটিকে চ্যাম্পিয়নশিপের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। এওসি প্রেসিডেন্ট পিয়েরে ফিলনও বলেছেন, দীর্ঘদিনের পারস্পরিক আস্থা ও অভিন্ন লক্ষ্যের ভিত্তিতে এই অংশীদারিত্ব আরও শক্তিশালী হলো।
নতুন চুক্তির আওতায় এফআইএ-র ওয়ার্কিং গ্রুপ ও এন্ডিউরেন্স কমিশন নিয়ন্ত্রক কার্যক্রম তদারক করবে। সব সিদ্ধান্তের জন্য এফআইএ ওয়ার্ল্ড মোটর স্পোর্ট কাউন্সিলের চূড়ান্ত অনুমোদন প্রয়োজন হবে। হাইপারকার শ্রেণির গাড়িগুলোর প্রযুক্তিগত মানদণ্ড অনুমোদনেও এফআইএ এবং এওসি যৌথভাবে কাজ করবে।
চ্যাম্পিয়নশিপের জনপ্রিয়তাও সাম্প্রতিক সময়ে বেড়েছে। ২০২৬ সালে এখন পর্যন্ত সরাসরি দর্শকসংখ্যা ৮ শতাংশ বেড়েছে। এ বছর দর্শকদের ৪৪ শতাংশের বয়স ৩৪ বছর বা তার কম এবং ৪০ শতাংশ প্রথমবার FIA-WEC ইভেন্টে অংশ নিয়েছেন।
বর্তমানে হাইপারকার শ্রেণিতে বিশ্বের আটটি শীর্ষ গাড়ি নির্মাতা প্রতিদ্বন্দ্বিতা করছে। ২০২৪ সালে এলএমজিটি৩ (LMGT3) শ্রেণি যুক্ত হওয়ায় পুরো চ্যাম্পিয়নশিপে নির্মাতার সংখ্যা দাঁড়িয়েছে ১৪-তে। ২০২৭ সালে হাইপারকার শ্রেণিতে যোগ দেবে ফোর্ড ও ম্যাকলারেন।
এফআইএ এবং এওসি বলছে, নতুন চুক্তি চ্যাম্পিয়নশিপের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করার পাশাপাশি বিশ্বজুড়ে নতুন দর্শক, নির্মাতা ও অংশীদারদের আকৃষ্ট করতে সহায়তা করবে।

মন্তব্য করুন