হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে শুল্কমুক্ত সীমার অতিরিক্ত ৮১ দশমিক ৫০ লিটার বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর (সিআইআইডি)। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৩০ হাজার টাকা।

বুধবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ বিভাগ এ তথ্য জানিয়েছে।

সিআইআইডি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল, এয়ারপোর্টের এ-শিফটের কর্মকর্তারা বিমানবন্দরের গ্রিন চ্যানেলে সতর্ক অবস্থান নেন। এ সময় দুবাই থেকে এমিরেটসের ইকে০৫৮৪ ফ্লাইটে আসা যাত্রী রেমান মিখালভ গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তার ব্যাগেজ স্ক্যান করা হয়। তল্লাশিতে বিভিন্ন ব্র্যান্ডের ৭৮ দশমিক ৫০ লিটার বিদেশি মদ পাওয়া যায়।

যাত্রী বিদেশি পাসপোর্টধারী হওয়ায় প্রচলিত ব্যাগেজ বিধিমালা অনুযায়ী ১ লিটার মদ শুল্কমুক্তভাবে আনার অনুমতি রয়েছে। ফলে অনুমোদিত ১ লিটার বাদ দিয়ে বাকি ৭৭ দশমিক ৫০ লিটার মদ জব্দ করা হয়।

অন্যদিকে, মঙ্গলবার রাতে টার্কিশ এয়ারলাইনসের টিকে০৭১২ ফ্লাইটে আসা যাত্রী সামিউল ইসলামের ব্যাগেজ স্ক্যান করে আরও ৪ লিটার বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ পাওয়া যায়। পরে সেগুলোও জব্দ করা হয়।

দুই ঘটনায় অনুমোদিত ১ লিটার বাদ দিয়ে মোট ৮১ দশমিক ৫০ লিটার বিদেশি মদ জব্দ করা হয়েছে। এসব মদের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৩০ হাজার টাকা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর জানিয়েছে, গ্রিন চ্যানেলসহ বিমানবন্দরের বিভিন্ন ঝুঁকিপূর্ণ পয়েন্টে গোপন তথ্য, যাত্রী প্রোফাইলিং ও নিবিড় নজরদারির মাধ্যমে চোরাচালান এবং ব্যাগেজ সুবিধার অপব্যবহার ঠেকাতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।