সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতিরা।

বুধবার (৭ অক্টোবর) এক বিবৃতিতে এ দাবি করা হয়। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, তাদের সশস্ত্র বাহিনী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করেছে।

হামলাটি লক্ষ্যভেদী ছিল দাবি করে তিনি বলেন, হামলার কারণে বিমানবন্দরের বিমান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।

এদিকে, পৃথক এক বিবৃতিতে হুতিরা জানিয়েছে, ইয়েমেনের অন্তর্বর্তীকালীন সরকারের রাজধানী এডেনের বিমানবন্দরের কাছাকাছি একটি এলাকাকেও তারা লক্ষ্যবস্তু করেছে।

তবে রিয়াদ বিমানবন্দরে হামলার দাবি বা এতে বিমান চলাচল ব্যাহত হওয়ার বিষয়ে সৌদি কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোনো বক্তব্যের তথ্য পাওয়া যায়নি।