প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকালে পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ছড়িয়ে পড়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের সামনে বিক্ষোভ করেছেন চাকরিপ্রার্থীরা।
সকাল থেকে মতিঝিলের শাপলা চত্বরসহ বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের সামনে বিক্ষোভ করেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা প্রার্থীরা। এ সময় কোথাও কোথাও সড়ক অবরোধ করে মিছিল করেন তারা। প্রশ্নফাঁসের অভিযোগের নিরপেক্ষ তদন্ত, জড়িতদের শনাক্ত করে শাস্তি এবং নিয়োগ পরীক্ষার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দাবি জানান বিক্ষোভকারীরা।
পরীক্ষার্থীরা জানান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধারদেনা করে ঢাকায় এসে শেষ মুহূর্তে পরীক্ষা স্থগিতের খবর পেয়ে তারা চরম হতাশায় পড়েছেন। এতে সময়ের পাশাপাশি যাতায়াত ও থাকা-খাওয়ার খরচ বাবদ আর্থিক ক্ষতির মুখেও পড়েছেন তারা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও পরীক্ষার্থী রুমা রানা বলেন, অনেক চাকরিপ্রার্থী জেলা শহর থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ঢাকায় পরীক্ষা দিতে আসেন। পরীক্ষা স্থগিত হওয়ায় তাদের শারীরিক পরিশ্রম, আর্থিক ক্ষতি ও হতাশার দায় কে নেবে, সেই প্রশ্নও তোলেন তিনি।
বিক্ষোভকারীরা দ্রুত তদন্ত শেষ করে দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
ডিএমপির মতিঝিল বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রেজওয়ান ইসলাম জানান, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষার্থীরা শাপলা চত্বরে আন্দোলন করছেন। পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন।
উল্লেখ্য, শনিবার সকাল ১১টায় ১১তম গ্রেডের এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ২৪২টি পদের বিপরীতে তিন লাখের বেশি প্রার্থীর অংশ নেওয়ার কথা ছিল। এ জন্য রাজধানীর প্রায় ১০০টি কেন্দ্রে পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছিল।

মন্তব্য করুন