চট্টগ্রামের মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তার বাড়িতে দরজা ভেঙে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। এ সময় স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোন, কম্পিউটারসহ প্রায় ১৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাত দল।

শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর শেখেরতালুক এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।

ভুক্তভোগী অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার (সশস্ত্র) মতিন উল্লাহ জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে ১০ থেকে ১২ জনের একটি মুখোশধারী ডাকাত দল ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে আলমারি ও নারীদের পরনে থাকা স্বর্ণালংকার লুট করে নেয়।

ডাকাতেরা প্রায় ৫ ভরি ৮ আনা স্বর্ণালংকার, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি বাটন ফোন, সিসি ক্যামেরার মনিটর ডিভাইস, ওয়াইফাই রাউটার, কম্পিউটার, মনিটর, সিপিইউ এবং নগদ ৪০ হাজার টাকা নিয়ে যায়। সব মিলিয়ে লুট হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ১৭ লাখ টাকা।

ঘটনার খবর পেয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন ও পুলিশের অন্য সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিপুল কর্মকার জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় এখনো মামলা হয়নি। ডাকাতির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে।