জামালপুরের বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) ভোর ৬টার দিকে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকায় ঢাকা-বকশীগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামের উফেজা বেগম (৬৫) ও তার পুত্রবধূ ফরিদা বেগম (৪০)। দুর্ঘটনার পর বাসটি জব্দ করে এর হেলপারকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা শান্তি পরিবহনের একটি বাস বকশীগঞ্জ হয়ে রৌমারীর দিকে যাচ্ছিল। ভোর ৬টার দিকে বাসটি ঠাকুরপাড়া এলাকা অতিক্রম করার সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা উফেজা বেগম ও ফরিদা বেগমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বাসটি জব্দ করেন এবং এর হেলপার মহিনউদ্দিনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন শনিবার সকাল ১০টার দিকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, দুর্ঘটনার ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে এবং হেলপার মহিনউদ্দিনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন