দীর্ঘ ১৩ বছর বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে সিরিয়ার ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক গ্রেট উমাইয়া মসজিদ। সিরিয়া গৃহযুদ্ধের সময় ব্যাপক ধ্বংসযজ্ঞের শিকার হয়ে ২০১৩ সালে এর সকল কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছিল। গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) পুনর্নির্মিত এই মসজিদটি আনুষ্ঠানিকভাবে পুনরায় উদ্বোধন করা হয়।
রাষ্ট্রীয় টেলিভিশন আল ইখবারিয়ার তথ্যমতে, উদ্বোধনী অনুষ্ঠানে আলেপ্পোর গভর্নর আজ্জাম আল-গারিব বলেন, কয়েক বছরের ধ্বংসযজ্ঞ কাটিয়ে আলেপ্পোর এই ঐতিহাসিক উমাইয়া মসজিদকে আমরা আবার আগের রূপে ফিরিয়ে আনতে পেরেছি। তিনি স্মরণ করিয়ে দেন যে, অষ্টম শতাব্দীতে উমাইয়া খলিফা সুলাইমান ইবনে আব্দুল মালিকের হাত ধরে প্রতিষ্ঠিত এই মসজিদটি শতাব্দীর পর শতাব্দী ধরে ওই অঞ্চলের শিক্ষা ও ধর্মীয় চর্চার অন্যতম প্রধান কেন্দ্র ছিল।
২০১১ সালে সিরিয়ার গণঅভ্যুত্থানের সময় এই মসজিদের প্রাঙ্গণ থেকেই স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে নানা বিক্ষোভের সূচনা হয়। পরবর্তীতে ২০১২ থেকে ২০১৬ সালের রক্তক্ষয়ী সংঘাত ও ভারী গোলাবর্ষণে মসজিদের গম্বুজ, বারান্দা এবং ঐতিহাসিক মিনার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদ সরকারের পতনের পর, আলেপ্পোর ওয়াকফ অধিদপ্তর মূল স্থাপত্যশৈলী ও প্রত্নতাত্ত্বিক বৈশিষ্ট্য ঠিক রেখে সংস্কারকাজ সম্পন্ন করে মসজিদটিকে পুনরায় প্রার্থনার জন্য উন্মুক্ত করে দিল।