রোববার (১ নভেম্বর) প্রকাশিত এক প্রজ্ঞাপনে সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ সংশোধনের বিষয়টি জানানো হয়। এর আগে গত ২৮ অক্টোবর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।
সংশোধিত বিধিমালায় বলা হয়েছে, মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে রেজিস্ট্রেশন নম্বর প্রচলিত পদ্ধতির পাশাপাশি একটি আনুভূমিক রেখায় লেখার অনুমতি দিতে পারবে বিআরটিএ। এ ছাড়া মোটরসাইকেলের নকশা বিবেচনায় বিভিন্ন দৈর্ঘ্য ও প্রস্থের রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট ব্যবহারের অনুমোদন দেওয়া যাবে।
নতুন নিয়মে নম্বরপ্লেটের অক্ষরের উচ্চতা, জেলা বা অঞ্চলের নাম নির্দেশকারী অক্ষরের মাপ, যানবাহনের শ্রেণি নির্দেশকারী অক্ষরের উচ্চতা এবং সংখ্যা ও হাইফেনের মধ্যবর্তী দূরত্ব নির্ধারণের ক্ষমতাও দেওয়া হয়েছে বিআরটিএকে। সংশোধিত বিধিমালা অবিলম্বে কার্যকর হবে।
এদিকে মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। আগে এ কাজের শেষ সময় ছিল ১৫ নভেম্বর।
বিআরটিএ জানিয়েছে, বিপুলসংখ্যক মোটরসাইকেলে নির্ধারিত সময়ের মধ্যে নম্বরপ্লেট সংযোজন করা কঠিন হওয়ায় সময় বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
সড়ক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে পেছনের অনুমোদিত আরএফআইডি নম্বরপ্লেটের পাশাপাশি সামনেও ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলক করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা পালন না করলে সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।

মন্তব্য করুন