আজ ২ নভেম্বর, বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন। বিশ্বজুড়ে কোটি ভক্তের কাছে তিনি ‘কিং খান’ নামে পরিচিত। দীর্ঘ অভিনয়জীবনে সাফল্যের পাশাপাশি ব্যবসায়িক ক্ষেত্রেও নিজের অবস্থান শক্ত করেছেন এই অভিনেতা। তবে তার এই সাফল্যের পেছনে রয়েছে শোক, আর্থিক সংকট ও কঠোর পরিশ্রমের গল্প। দিল্লির মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা শাহরুখের বর্তমান আনুমানিক সম্পদের পরিমাণ ১৩ হাজার কোটি টাকার বেশি।
১৯৬৫ সালের ২ নভেম্বর দিল্লিতে জন্মগ্রহণ করেন শাহরুখ খান। বাবা মীর তাজ মোহাম্মদ খান ও মা লতিফা ফাতিমার পরিবারে বেড়ে ওঠেন তিনি। দিল্লির সেন্ট কলম্বা স্কুলে পড়াশোনা শেষে হংসরাজ কলেজে অর্থনীতি নিয়ে পড়েন। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহী শাহরুখ কলেজজীবনে থিয়েটারের সঙ্গে যুক্ত হন।
তবে জীবনের শুরুতেই মাকে হারানোর শোক তাকে গভীরভাবে প্রভাবিত করে। পারিবারিক আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও অভিনয়ের স্বপ্ন ছাড়েননি তিনি। সেই স্বপ্ন পূরণে দিল্লি থেকে পাড়ি জমান মুম্বাইয়ে।
১৯৮৮ সালে টেলিভিশন ধারাবাহিক ‘দিল দরিয়া’ দিয়ে অভিনয় শুরু করেন শাহরুখ। পরে ‘ফৌজি’ ও ‘সার্কাস’ ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি পান। ১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। এরপর ‘বাজিগর’, ‘ডর’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ও ‘চেন্নাই এক্সপ্রেস’-এর মতো সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান।
অভিনয়ের পাশাপাশি ব্যবসায়ও সফল শাহরুখ। স্ত্রী গৌরী খানকে সঙ্গে নিয়ে পরিচালনা করছেন প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। ক্রিকেট ব্যবসায়ও রয়েছে তার বিনিয়োগ। তিনি কলকাতা নাইট রাইডার্সের অন্যতম মালিক।
‘হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৬’ অনুযায়ী, শাহরুখের সম্পদের পরিমাণ ১০ হাজার কোটি রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ হাজার ৬৬ কোটি টাকা। তবে আগের বছরের তুলনায় তার সম্পদ কমেছে ২ হাজার ৪৯০ কোটি রুপি।
এদিকে তার পরবর্তী সিনেমা ‘কিং’-এ মেয়ে সুহানা খানের সঙ্গে অভিনয় করছেন তিনি। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবিটি আগামী ২৪ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে।

মন্তব্য করুন