রাজধানীর মিরপুরে থেমে থেমে সড়কে নামার চেষ্টা করছেন পোশাকশ্রমিকরা। তবে প্রতিবারই পুলিশ তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দিচ্ছে। শ্রমিকদের আন্দোলন ঘিরে পুরো এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান দেখা গেছে।

সোমবার (২ নভেম্বর) সকাল থেকে মিরপুর-১০ নম্বর গোলচত্বর ও মিরপুর-২ এলাকায় এ পরিস্থিতি তৈরি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিরপুর-১০ নম্বর গোলচত্বর থেকে পুলিশের ধাওয়ায় শ্রমিকরা মিরপুর-২ এলাকায় সরে যান। পরে বিভিন্ন অলিগলিতে অবস্থান নিয়ে কয়েক দফায় সড়ক অবরোধের চেষ্টা করেন তারা। এ সময় পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে।

বেলা ১১টার দিকে শ্রমিকরা সংগঠিত হয়ে রাস্তায় নামলে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। পরে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান। এ সময় একটি বাস ভাঙচুরের চেষ্টার ঘটনাও ঘটে।

এদিকে লাঠিসোটা হাতে সরকারদলীয় কর্মীদের মিরপুর-১০ থেকে মিরপুর-২ নম্বর সড়কে শোডাউন দিতে দেখা গেছে। তারা জানান, আন্দোলনের নামে যারা ভাঙচুর ও অগ্নিসংযোগ করবে, তাদের প্রতিহত করতে মাঠে নেমেছেন। সাধারণ মানুষকে তারা কিছু বলছেন না বলেও দাবি করেন।

এ পরিস্থিতিতে পুরো এলাকায় আতঙ্ক ও থমথমে পরিবেশ বিরাজ করছে। অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। পুলিশ কাউকে রাস্তায় দাঁড়াতে দিচ্ছে না। সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি কয়েকজনকে আটকও করা হয়েছে।

এর আগে রবিবার ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়।

মিরপুর থানার ওসি হাফিজুর রহমান বলেন, ‘শ্রমিকরা রাস্তা অবরোধ করতে এসেছিল, আমরা তাদের সরিয়ে দিয়েছি।’