খুলনায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে মশিউর রহমান (৫৯) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তিনি রূপসা উপজেলা শিক্ষা অফিসের হিসাবরক্ষক হিসেবে কর্মরত।
রোববার (৮ নভেম্বর) রাতে নগরীর মিয়াপাড়া এলাকার কেন্দ্রীয় জামে মসজিদের পাশে একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
মশিউর রহমান জানান, মেয়ের জন্য খাবার কিনতে মিয়াপাড়া থেকে পিটিআই মোড়ের দিকে যাচ্ছিলেন তিনি। পথে হাসানের চায়ের দোকানের সামনে পৌঁছালে তিনজন ব্যক্তিকে দেখতে পান। এ সময় দুর্বৃত্তরা অন্য কাউকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে লক্ষ্যভ্রষ্ট গুলিটি এসে তার বাম পাঁজরের নিচে লাগে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, কারা এবং কী উদ্দেশ্যে গুলি করেছে, তা তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।

মন্তব্য করুন