সরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম দ্বিগুণের বেশি বাড়ানোর পরও সংকট কাটছে না। নতুন নির্ধারিত দাম ১ হাজার ৮৬০ টাকা হলেও এতে সন্তুষ্ট নন ডিলাররা। ফলে সরকারি এলপিজি সরবরাহ ও বিপণন নিয়ে তৈরি হয়েছে নতুন জটিলতা।
গত ২ নভেম্বর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সাড়ে ১২ কেজি সরকারি এলপিজি সিলিন্ডারের দাম ৮২৫ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৮৬০ টাকা নির্ধারণ করে। একই সময়ে বেসরকারি এলপিজির দাম নির্ধারণ করা হয় ২ হাজার ১৪৬ টাকা। অর্থাৎ দুই খাতের দামের ব্যবধান দাঁড়িয়েছে ২৮৬ টাকা।
দাম বাড়ানোর পর ৩ ও ৪ নভেম্বর নির্ধারিত সূচি অনুযায়ী গ্যাস উত্তোলন করেননি সরকারি এলপিজির ডিলাররা। এই দুই দিনে তিন বিপণন কোম্পানি পদ্মা, মেঘনা ও যমুনার ৮ হাজার ৫৬৮টি সিলিন্ডার উত্তোলনের কথা থাকলেও তারা নিয়েছে মাত্র ৩ হাজার ৯৭টি।
এ পরিস্থিতিতে সরবরাহ স্বাভাবিক রাখতে তিন বিপণন কোম্পানিকে চিঠি দিয়েছে এলপিজি গ্যাস পিএলসি। প্রতিষ্ঠানটির আশঙ্কা, নির্ধারিত পরিমাণ গ্যাস উত্তোলন না হলে ইস্টার্ন রিফাইনারি ও এলপিজিএলের মজুত সক্ষমতায় সমস্যা তৈরি হতে পারে।
নতুন মূল্য নির্ধারণে প্রতি সিলিন্ডারে ১ হাজার ৪ টাকা ৭ পয়সা রাখা হয়েছে ‘এলপিজি খাত উন্নয়ন তহবিলের’ জন্য। এছাড়া রিফাইনারি মূল্য, বোতলজাতকরণ, পরিবহন ও ডিলারদের খরচ যুক্ত করে ভোক্তাপর্যায়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৮৬০ টাকা।
তবে শুধু ডিলাররাই নন, নির্ধারিত আয় নিয়েও অসন্তোষ রয়েছে এলপিজিএলের কর্মকর্তাদের মধ্যে। তাদের দাবি, পরিচালন ব্যয় ও কর্মচারীদের বেতন বৃদ্ধি পেলেও প্রতিষ্ঠানটির বোতলজাতকরণ ও সংরক্ষণ চার্জ বাড়ানো হয়নি।
এদিকে এলপিজি ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি খোরশেদ উর রহমানের দাবি, সরকারি এলপিজি মূলত নিম্ন আয়ের মানুষের জন্য। দাম বাড়িয়ে বেসরকারি কোম্পানিগুলোর বাজার নিয়ন্ত্রণের সুযোগ তৈরি করা হচ্ছে।
অন্যদিকে বিইআরসি বলছে, সরকারি এলপিজির প্রকৃত মূল্য নিশ্চিত করা এবং অবৈধ ক্রসফিলিং বন্ধ করতেই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
এলপিজিএলের কর্মকর্তারা আশা করছেন, ডিলারদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কয়েক দিনের মধ্যে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে।

মন্তব্য করুন