যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বক্তব্যের পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের আলোচনায় অগ্রগতি হলে দেশটিতে নতুন করে হামলার সম্ভাবনা কম বলে জানিয়েছেন তিনি। এতে মধ্যপ্রাচ্যে সংঘাত প্রশমনের আশা করছেন বিনিয়োগকারীরা।সোমবার, ৯ নভেম্বর এশিয়ার বাজারে লেনদেনের শুরুতে ব্রেন্ট ক্রুড তেলের দাম অর্ধশতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৯৭ ডলার ৬৭ সেন্টে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম কমে দাঁড়ায় ব্যারেলপ্রতি ৯০ ডলার ৫১ সেন্টে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধ বন্ধে কূটনৈতিক আলোচনায় অগ্রগতির সম্ভাবনাই তেলের বাজারে এই দরপতনের প্রধান কারণ।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সংঘাত দীর্ঘায়িত হলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হতে পারে। বিশেষ করে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি ঘিরে উদ্বেগ রয়েছে।

এদিকে যুদ্ধ বন্ধের আশাবাদের মধ্যেই হরমুজ প্রণালি ও এর আশপাশে জাহাজে হামলার খবর পাওয়া গেছে। এ ঘটনায় নৌপথটির নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

বিশ্লেষকদের ধারণা, মধ্যপ্রাচ্যের সংঘাত ও কূটনৈতিক আলোচনার অগ্রগতির ওপরই নির্ভর করবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের পরবর্তী দাম।