পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই। সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, একজন পলাতক আসামিকে নতুন করে ভ্রমণ নথি দেওয়ার প্রশ্নই ওঠে না।প্রতিমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি পাওয়ার আইনি উদ্যোগকে হাস্যকর বলে মন্তব্য করেন। তিনি জানান, শেখ হাসিনা ইতোমধ্যে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন এবং তার বিরুদ্ধে আরও কয়েকটি বিচারিক কার্যক্রম চলমান রয়েছে। এসব কারণে তার দেশে ফেরার বিষয়টি সাধারণ যাত্রীর মতো বিবেচনার সুযোগ নেই বলেও উল্লেখ করেন তিনি।

হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে আনুষ্ঠানিক উদ্যোগ নেওয়া হবে। ভারত তাকে ফেরত দিলে যথাযথ নিরাপত্তাব্যবস্থার মাধ্যমে কারাগারে নেওয়া হবে।

সম্প্রতি আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য শেখ হাসিনার পক্ষে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আবেদন করা হয়েছে। লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা এ বিষয়ে চিঠি পাঠিয়েছেন।

তবে দিল্লি হাইকমিশন জানিয়েছে, শেখ হাসিনার পক্ষ থেকে আবেদন করার অনুমোদনসংক্রান্ত কোনো প্রমাণপত্র চিঠির সঙ্গে পাওয়া যায়নি। ফলে আবেদনটি তার সম্মতিতে করা হয়েছে কি না, তা নিশ্চিত নয়।

প্রতিমন্ত্রী আরও অভিযোগ করেন, বিদেশে আইনজীবী ও লবিং প্রতিষ্ঠান নিয়োগে রাষ্ট্রীয় সম্পদ থেকে নেওয়া অর্থ ব্যবহার করা হচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, নতুন পাসপোর্ট বা এনআইডি নয়, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে সরকারের প্রধান উদ্যোগ হবে ভারতের সঙ্গে প্রত্যর্পণ প্রক্রিয়া এগিয়ে নেওয়া।