ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক মো. কালাচান শেখ (৬০) ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ডসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। নিহত কালাচান শেখ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর এলাকার নুরউদ্দীন শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুর-টেকেরহাট-মাদারীপুর রুটে চলাচলকারী ‘কিশোর-তনয়’ পরিবহনের একটি লোকাল বাস নতুন বাসস্ট্যান্ডের সামনের সড়কে পার্ক করা ছিল। গভীর রাতে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। মুহূর্তেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে বাসের ভেতর থেকে চালক কালাচানকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শ্রীবাস বাড়ৈ জানান, রাত ৩টার দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. সাদ্দাম হোসেন জানান, কালাচান শেখকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্টের কারণে তাঁর মৃত্যু হয়েছে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, কারা বাসে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত শুরু করেছে পুলিশ।