দীর্ঘ সাড়ে চার বছর পর দুর্নীতি দমন কমিশনের (দুদক) চাকরিতে পুনর্বহাল হয়েছেন আলোচিত সাবেক উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন। হাইকোর্টের রায়ের পর আপিল বিভাগের আইনি বাধা দূর হওয়ায় তাঁকে চাকরিতে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। একই সঙ্গে তাঁর আগের জ্যেষ্ঠতা বহাল রাখা হয়েছে। চাকরিচ্যুতির সময় থেকে বিধি অনুযায়ী সব বকেয়া বেতন-ভাতা ও সুযোগ-সুবিধাও পাবেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে দুদক। কমিশনের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান স্বাক্ষরিত আদেশে ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়। একই সঙ্গে তাঁকে চাকরিতে পুনর্বহালের সিদ্ধান্ত জানানো হয়।

চাকরি ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করে শরীফ উদ্দিন বলেন, তিনি উপসহকারী পরিচালক পদে যোগ দিয়েছেন। মাসখানেকের মধ্যে পদোন্নতির প্রক্রিয়া শেষ হবে বলে আশা করছেন।

২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি দুদক কর্মচারী চাকরি বিধিমালা, ২০০৮-এর ৫৪(২) বিধি প্রয়োগ করে তাঁকে চাকরি থেকে অপসারণ করা হয়েছিল। তখন তিনি পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ে কর্মরত ছিলেন। কোনো কারণ দর্শানোর নোটিশ ছাড়াই তাঁকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে চট্টগ্রামে কর্মরত থাকাকালে সরকারি প্রকল্পের জমি অধিগ্রহণে অনিয়ম এবং রোহিঙ্গাদের অবৈধভাবে জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগের তদন্ত করে আলোচনায় আসেন শরীফ উদ্দিন। এসব ঘটনায় প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা ও অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করেছিলেন তিনি। তাঁর চাকরিচ্যুতির সিদ্ধান্তের পর দুদকের কর্মকর্তা-কর্মচারীরাও প্রতিবাদে মানববন্ধন করেন।

চাকরি ফিরে পেতে ২০২২ সালের ১৩ মার্চ হাইকোর্টে রিট করেন শরীফ উদ্দিন। দীর্ঘ শুনানি শেষে ২০২৫ সালের ৯ জুলাই তাঁর অপসারণের আদেশ বাতিল করে জ্যেষ্ঠতা অক্ষুণ্ন রেখে সব প্রাপ্য সুযোগ-সুবিধাসহ পুনর্বহালের নির্দেশ দেন আদালত।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুদক আপিল বিভাগে লিভ টু আপিল করেছিল। তবে গত ৩০ সেপ্টেম্বর কমিশনের সভায় আবেদনটি আর পরিচালনা না করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ১৫ অক্টোবর আপিল বিভাগ আবেদনটি ‘ডিসমিসড এজ বিইং নট প্রেসড’ মর্মে আদেশ দেন। এতে চাকরিতে পুনর্বহালের আইনি বাধা দূর হয়।

এরপর ২৫ অক্টোবর শরীফ উদ্দিন পুনর্বহালের আবেদন করেন। ৫ নভেম্বর কমিশনের সভায় তাঁর আবেদন বিবেচনা করে অপসারণের আদেশ প্রত্যাহার ও চাকরিতে পুনর্বহলের সিদ্ধান্ত নেওয়া হয়।