কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানে সামরিক অভিযান পরিচালনার নির্দেশ এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের উদ্যোগ আটকে দিয়েছেন রিপাবলিকান আইনপ্রণেতারা। ডেমোক্র্যাটদের সমর্থন থাকলেও রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে প্রস্তাবটি পূর্ণাঙ্গ অভিশংসন প্রক্রিয়ায় এগোতে পারেনি।
গত সোমবার (৯ নভেম্বর) কেন্টাকির প্রতিনিধি টমাস ম্যাসি হেগসেথের বিরুদ্ধে আটটি অভিযোগে অভিশংসন প্রস্তাব উত্থাপন করেন। এতে ইরান যুদ্ধ, ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয়।
মঙ্গলবার প্রতিনিধি পরিষদে ২১১-২০৪ ভোটে একটি প্রস্তাব পাস হয়। এর মাধ্যমে অভিশংসনের আটটি অভিযোগ রিপাবলিকান নিয়ন্ত্রিত বিচারবিষয়ক কমিটিতে পাঠানো হয়েছে। প্রস্তাবটির উদ্যোক্তা টমাস ম্যাসি সতর্ক করেছিলেন, এর ফলে কার্যত অভিশংসন প্রক্রিয়া আটকে যাবে।
এবারের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদ ও সিনেটে ডেমোক্র্যাটরা জয় পেলেও নতুন সদস্যরা ২০২৭ সালের জানুয়ারিতে দায়িত্ব নেবেন। ফলে ততদিন পর্যন্ত কংগ্রেসের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে থাকছে।
ম্যাসি আশা করেছিলেন, ইরান যুদ্ধ ও হেগসেথের নীতিতে অসন্তুষ্ট রিপাবলিকান সদস্যরা তাঁর প্রস্তাবের পক্ষে ভোট দেবেন। তবে কোনো রিপাবলিকান তাঁর সঙ্গে যোগ দেননি।
ভোটের কয়েক ঘণ্টা আগে হেগসেথ অভিশংসনের উদ্যোগকে ‘প্রহসন’ বলে অভিহিত করেন। নিজের সামরিক কর্মকাণ্ডের পক্ষে অবস্থান নেওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তাঁর প্রশংসা করেন।
অন্যদিকে, ১১ জন ডেমোক্র্যাট সদস্য ভোটদানে বিরত ছিলেন। তাঁদের মধ্যে সাবেক প্রতিনিধি পরিষদ স্পিকার ন্যান্সি পেলোসিও রয়েছেন।
ভোটের ফলাফলে সন্তোষ প্রকাশ করে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, হেগসেথকে অভিশংসনের প্রচেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে এর আগে ১৮৭৬ সালে প্রতিরক্ষামন্ত্রী উইলিয়াম বেলকন্যাপ অভিশংসিত হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ ছিল। ম্যাসির প্রস্তাব সফল হলে ১৫০ বছর পর দেশটির আরেক প্রতিরক্ষামন্ত্রী অভিশংসন প্রক্রিয়ার মুখোমুখি হতেন।

মন্তব্য করুন