ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিপুল সামরিক ব্যয়ের অর্থ এবার মিত্রদেশগুলোর কাছ থেকে ফেরত চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এই ব্যয়ের তালিকায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও কুয়েতের পাশাপাশি এবার স্পষ্টভাবে ইসরায়েলের নামও এসেছে।
গত রোববার (৮ নভেম্বর) সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যেসব দেশকে সুরক্ষা দিতে যুক্তরাষ্ট্র যুদ্ধে অংশ নিয়েছে, তাদের কাছ থেকে যুদ্ধের সম্পূর্ণ ব্যয় ফেরত পাওয়া উচিত।

ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ছাড়া এসব দেশের অস্তিত্ব টিকে থাকা কঠিন হতো। বিশেষ করে ইসরায়েলের প্রসঙ্গ তুলে তিনি বলেন, মার্কিন সামরিক সহায়তা না পেলে দেশটির অস্তিত্বই থাকত না।

এর আগে উপসাগরীয় দেশগুলোর কাছ থেকেও যুদ্ধের খরচ আদায়ের কথা বলেছিলেন ট্রাম্প। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন সামরিক উপস্থিতি বজায় রাখার জন্য বিপুল অর্থ ব্যয় হচ্ছে বলে দাবি করেন তিনি।

মার্কিন সামরিক বাহিনীর হিসাব অনুযায়ী, গত অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় দাঁড়িয়েছে ৪ হাজার ৭১০ কোটি ডলারে। তবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামতের ব্যয় এতে অন্তর্ভুক্ত হয়নি।

মার্কিন কংগ্রেশনাল বাজেট অফিসের (সিবিও) গত সেপ্টেম্বরের হিসাব অনুযায়ী, যুদ্ধ অব্যাহত থাকলে প্রতি মাসে অতিরিক্ত ২০০ থেকে ৩০০ কোটি ডলার ব্যয় হতে পারে।

ইসরায়েল সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিলেও উপসাগরীয় দেশগুলোর অবস্থান ছিল ভিন্ন। এসব দেশের দাবি, যুদ্ধ শুরুর আগে ওয়াশিংটন তাদের কিছু জানায়নি। বরং ইরানের পাল্টা হামলার কারণে তারাই ক্ষতির মুখে পড়েছে।

উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সদস্য দেশগুলো শুরু থেকেই সংঘাতের কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে।

বিশ্লেষকদের মতে, যুদ্ধের ব্যয় ফেরত চাওয়ার বিষয়ে ট্রাম্পের বক্তব্য মূলত মিত্রদেশগুলোর ওপর আর্থিক দায় ভাগ করে নেওয়ার চাপ তৈরির একটি রাজনৈতিক বার্তা। তবে বাস্তবে কীভাবে এবং কোন প্রক্রিয়ায় এসব অর্থ আদায় করা হবে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো পরিকল্পনা সামনে আসেনি।