পরীক্ষায় প্রায় ২০ হাজার রুবিডিয়াম পরমাণুকে অত্যন্ত নিম্ন তাপমাত্রায় শীতল করে তৈরি করা হয় বোস-আইনস্টাইন কনডেনসেট (বিইসি)। পদার্থের এই বিশেষ অবস্থাকে বিজ্ঞানের ভাষায় ‘পঞ্চম অবস্থা’ বলা হয়।
১৯২৪ সালে ভারতীয় পদার্থবিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু ও বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন যৌথভাবে এই বিশেষ অবস্থার তাত্ত্বিক পূর্বাভাস দিয়েছিলেন। অত্যন্ত নিম্ন তাপমাত্রায় পরমাণুগুলো সম্মিলিতভাবে একটি কোয়ান্টাম অবস্থায় আচরণ করতে শুরু করে।
মহাকাশের মাইক্রোগ্র্যাভিটি বা প্রায় ওজনহীন পরিবেশ কাজে লাগিয়ে এ সাফল্য অর্জন করেন চীনা গবেষকরা। পৃথিবীতে মাধ্যাকর্ষণের প্রভাবে এ ধরনের পরীক্ষা পরিচালনায় কিছু সীমাবদ্ধতা থাকলেও মহাকাশে দীর্ঘ সময় ধরে পরমাণুর আচরণ পর্যবেক্ষণের সুযোগ পাওয়া যায়।
এর আগে ২০২১ সালে সর্বনিম্ন তাপমাত্রা তৈরির রেকর্ড গড়েছিল জার্মানির লাইবনিজ ইউনিভার্সিটি হ্যানোভারের কোয়ান্টাম পদার্থবিজ্ঞানী আর্নস্ট রাসেলের গবেষক দল। নতুন অর্জনে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, বিজ্ঞানীদের এ সাফল্যে তিনি ভীষণভাবে অভিভূত।
বিজ্ঞানীদের মতে, এই অর্জন মহাকাশে কোয়ান্টাম সিমুলেশন ও অত্যন্ত সূক্ষ্ম পরিমাপের গবেষণায় নতুন সম্ভাবনা তৈরি করবে। একই সঙ্গে চরম পরিবেশে পদার্থের আচরণ, কোয়ান্টাম অবস্থার বৈশিষ্ট্য এবং মৌলিক পদার্থবিজ্ঞানের বিভিন্ন রহস্য অনুসন্ধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এ গবেষণা।
গবেষকদের আশা, মহাকাশভিত্তিক এ ধরনের পরীক্ষা ভবিষ্যতে কোয়ান্টাম প্রযুক্তি ও মৌলিক বিজ্ঞানের গবেষণাকে আরও এগিয়ে নেবে।

মন্তব্য করুন