১৯৯৩ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন আজিজুল হাকিম ও জিনাত হাকিম। অনুষ্ঠানে নিজেদের বিয়ের স্মৃতিচারণা করতে গিয়ে জিনাত জানান, বিয়ের দিন কাবিননামায় স্বাক্ষর করা হয়নি তাঁর।
ঘটনার বর্ণনা দিয়ে জিনাত বলেন, বিয়ের দিন বরযাত্রার সঙ্গে একদল সাংবাদিক এসেছিলেন। তবে তাঁরা কার অতিথি, তা কেউ বুঝতে পারেননি। কাজী যখন তাঁকে কবুল বলার পর কাবিননামায় স্বাক্ষর করতে বলেন, তখন একজন ফটোগ্রাফার ছবি তোলার জন্য অপেক্ষা করতে বলেন। এতে তিনি কিছুটা নার্ভাস হয়ে ছবির জন্য পোজ দেন। সেই ব্যস্ততায় কাবিননামায় স্বাক্ষর করা আর হয়ে ওঠেনি।
পরে বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে আজিজুল হাকিম জানান, স্বাক্ষর না থাকায় তাঁরা পরবর্তী সময়ে এফিডেভিট করেছিলেন। তবে সম্প্রতি তাঁদের মেয়ে নাযাহ হাকিম ও মেয়ের জামাই নাফিস ফুয়াদ বিয়ের ৩৩ বছর পূর্তি উপলক্ষে আবারও রেজিস্ট্রেশনে স্বাক্ষরের আয়োজন করেন।
এ প্রসঙ্গে আজিজুল হাকিম বলেন, তাঁদের মেয়েই বিষয়টি একটু ভিন্নভাবে উপস্থাপন করে অ্যানিভার্সারিতে নতুন করে বিয়ের রেজিস্ট্রেশনে স্বাক্ষরের ব্যবস্থা করেছে।
ঘটনাটি বলতে গিয়ে মঞ্চে উপস্থিত সবাই হাসিতে মেতে ওঠেন।
চার দশকের বেশি সময় ধরে টেলিভিশন নাটকে অভিনয় করছেন আজিজুল হাকিম। ১৯৮১ সালে বিটিভিতে তালিকাভুক্ত হন তিনি। ‘এখানে নোঙর’ নাটকের ছোট চরিত্র দিয়ে তাঁর টেলিভিশন অভিনয়ের যাত্রা শুরু হয়। পরে ‘কোন কাননের ফুল’ ধারাবাহিকে অলি চরিত্রে অভিনয় করে পরিচিতি পান এই অভিনেতা।

মন্তব্য করুন