তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির বৈঠকের পর যৌথ বিবৃতিতে চুক্তির বিষয়টি জানানো হয়। ইস্তাম্বুলে অনুষ্ঠিত দুই দেশের সুপ্রিম স্ট্র্যাটেজিক কমিটির ১২তম বৈঠক শেষে এ ঘোষণা আসে।
চুক্তি অনুযায়ী, কোনো পক্ষের নিরাপত্তা হুমকির মুখে পড়লে দুই দেশ পরস্পরের সঙ্গে পরামর্শ করবে। পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি এবং প্রতিরক্ষানীতি নিয়ে আলোচনা করবে তারা।
প্রতিরক্ষা সহযোগিতার অংশ হিসেবে যৌথ সামরিক মহড়া, সামরিক সদস্যদের প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময় এবং প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
যৌথ বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার অঙ্গীকারের প্রতিফলন এই চুক্তি। পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় অভিন্ন অবস্থান তুলে ধরা হয়েছে।
তুরস্কের প্রেসিডেন্সি জানিয়েছে, এরদোয়ান উপসাগরীয় অঞ্চলে নতুন করে যুদ্ধের পরিস্থিতি তৈরি হওয়া ঠেকাতে সংলাপ ও শান্তি প্রতিষ্ঠায় কাতারের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন।
প্রতিরক্ষার পাশাপাশি জ্বালানি খাতেও সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে দুই দেশ। বিশেষ করে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) বাণিজ্য সম্প্রসারণ এবং জ্বালানি অংশীদারত্ব বহুমুখী করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে তারা।
গত আগস্টে সৌদি আরবের মক্কায় তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানও একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে। ওই চুক্তিতে তিন দেশের যেকোনো একটির ওপর হামলাকে সবার ওপর হামলা হিসেবে বিবেচনার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। ফলে কাতারের সঙ্গে নতুন চুক্তির মাধ্যমে আঞ্চলিক প্রতিরক্ষা সহযোগিতার পরিধি আরও বাড়াল তুরস্ক।

মন্তব্য করুন