দিল্লি পুলিশের আদালতে জমা দেওয়া অভিযোগপত্রে এসব তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, ভারতের সামরিক প্রস্তুতি, ড্রোন সক্ষমতা, যুদ্ধবিমানের অবস্থান এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা সম্পর্কে স্পর্শকাতর তথ্য পাচার করেছিলেন বিমানবাহিনীর ওই উইং কমান্ডার।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ১২ জানুয়ারি থেকে ১ এপ্রিল পর্যন্ত হোয়াটসঅ্যাপে ওই সন্দেহভাজন নারীর সঙ্গে যোগাযোগ ছিল কর্মকর্তার। তদন্তে তাদের মধ্যে ৩ হাজার ৮টি টেক্সট বার্তা, ৬৫টি ছবি, ৪২টি ভয়েস কল, চারটি ভিডিও কল এবং ছয়টি ওয়েব লিংকের তথ্য পাওয়া গেছে।
পুলিশের অভিযোগ, ওই নারীকে নগ্ন ছবি পাঠাতে বলার পাশাপাশি প্রতিটি ছবির বিনিময়ে যুদ্ধপরিকল্পনার নতুন একটি পৃষ্ঠা দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন কর্মকর্তা। এরই মধ্যে তিনি ‘সিক্রেট ওয়ার প্ল্যান’ লেখা একটি গোপন নথির পৃষ্ঠা পাঠিয়েছিলেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
তদন্তকারীদের দাবি, ওই কর্মকর্তা ভারতের একটি গোপন ড্রোন ইউনিটের জনবল, সাংগঠনিক কাঠামো, পরিচালন সক্ষমতা, পরীক্ষামূলক কার্যক্রম এবং লক্ষ্যবস্তু নির্ধারণের পদ্ধতি সম্পর্কে তথ্য সরবরাহ করেছিলেন।
এ ছাড়া লেহতে যুদ্ধবিমানের অবস্থান, সেনা মোতায়েনের নির্ধারিত স্থান এবং রাজস্থানের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুষ্ঠিত সামরিক মহড়ার তথ্যও পাচারের অভিযোগ রয়েছে।
অভিযোগপত্রে আরও বলা হয়েছে, ওই কর্মকর্তার ডিভাইসে প্রবেশের জন্য ম্যালওয়্যারযুক্ত অ্যাপ্লিকেশন পাঠানো হয়েছিল। পাশাপাশি তার অধীনে কর্মরত পাঁচ সদস্যের আইসিটি ডিভাইসে নির্দিষ্ট ম্যালওয়্যার বা স্পাইওয়্যার ইনস্টল করার অভিযোগও রয়েছে। এতে সামরিক বাহিনীর আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য অননুমোদিতভাবে সংগ্রহের সুযোগ তৈরি হতে পারত বলে ধারণা তদন্তকারীদের।
বিমানবাহিনী কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে বিষয়টি সামনে আসার পর ৩০ মে দিল্লি পুলিশ সরকারি গোপনীয়তা আইন অনুযায়ী ওই উইং কমান্ডারকে গ্রেপ্তার করে। পরে তাকে তিহার কারাগারে বিচারিক হেফাজতে পাঠানো হয়।
তদন্তকারীদের ধারণা, ব্যক্তিগত জীবনের কঠিন সময়ের সুযোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই কর্মকর্তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন পাকিস্তানি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করা সন্দেহভাজন নারী। পরবর্তী সময়ে ব্যক্তিগত কথোপকথন ও ভিডিও কলের মাধ্যমে তাকে সংবেদনশীল সামরিক তথ্য দিতে প্রলুব্ধ করা হয়।
এ ঘটনায় ভারতের প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ডিজিটাল মাধ্যমে গুপ্তচরবৃত্তির নেটওয়ার্ক সক্রিয় থাকার আশঙ্কা তৈরি হয়েছে। তবে অভিযোগগুলোর চূড়ান্ত সত্যতা বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

মন্তব্য করুন