হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে। প্রাথমিক পর্যায়ে এই টার্মিনাল দিয়ে প্রতিদিন দুটি আগমন ও দুটি বহির্গমন ফ্লাইট পরিচালনা করা হবে। অর্থাৎ শুরুতে প্রতিদিন মোট চারটি ফ্লাইট চলবে।

শনিবার (১৪ নভেম্বর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলন কক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

মন্ত্রী বলেন, তৃতীয় টার্মিনাল চালু করা বর্তমান সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গীকার। নির্ধারিত সময়ের মধ্যে এর কার্যক্রম শুরু করতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। এ লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সব সংস্থাকে নিজ নিজ দায়িত্ব দ্রুত শেষ করতে হবে।

সভায় টার্মিনাল চালুর প্রস্তুতি হিসেবে ইমিগ্রেশন বুথ, ব্যাগেজ বেল্ট, স্ক্যানার স্থাপন, উড়োজাহাজের পরীক্ষামূলক চলাচল এবং প্রয়োজনীয় চুক্তি স্বাক্ষরের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

মন্ত্রী জানান, দীর্ঘদিনের প্রচেষ্টায় তৃতীয় টার্মিনাল চালুর পর্যায়ে পৌঁছানো সম্ভব হয়েছে। ১৬ ডিসেম্বর আংশিকভাবে কার্যক্রম শুরুর পর পূর্ণাঙ্গভাবে চালুর প্রস্তুতিও অব্যাহত থাকবে।

সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বেবিচক, জাতীয় রাজস্ব বোর্ড এবং জাপানি কনসোর্টিয়ামের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রাথমিকভাবে দিনে চারটি ফ্লাইট দিয়ে যাত্রা শুরু হলেও পরবর্তী সময়ে ধাপে ধাপে তৃতীয় টার্মিনালের কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।