আফ্রিকার মাটির নিচে রয়েছে বিপুল স্বর্ণসম্পদ। অথচ সেই সম্পদের সুফল পাচ্ছেন না অনেক দেশের সাধারণ মানুষ। কোথাও সোনার খনি দখলকে কেন্দ্র করে চলছে রক্তক্ষয়ী সংঘাত, আবার কোথাও যুদ্ধের সুযোগে গোপনে দেশ ছাড়ছে মূল্যবান এই ধাতু। আর পাচার হওয়া এসব সোনার বড় একটি অংশের শেষ গন্তব্য হয়ে উঠেছে সংযুক্ত আরব আমিরাত, বিশেষ করে দুবাই।

সুইজারল্যান্ডভিত্তিক গবেষণা সংস্থা সুইসএইডের নতুন এক প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর এসব তথ্য।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে অন্তত ৫৯১ টন অবৈধ সোনা আমদানি করেছে সংযুক্ত আরব আমিরাত। বর্তমানে সুইজারল্যান্ডের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সোনার বাণিজ্যকেন্দ্র হয়ে উঠেছে দেশটি।

সুইসএইডের হিসাবে, ২০২৪ সালে রাশিয়া, ইয়েমেন ও সুদান থেকে সরাসরি এবং বিভিন্ন দেশের মধ্য দিয়ে অন্তত ১৭৪ দশমিক ৫ টন সোনা আমদানি করেছে আমিরাত। এসব সোনার সঙ্গে সংঘাত ও অবৈধ বাণিজ্যের সম্পর্ক রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি সুদানে। ২০২৩ সালের এপ্রিল থেকে দেশটির সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে। এই সংঘাতের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক উৎস হয়ে উঠেছে সোনার খনি ও বাণিজ্য।

প্রতিবেদনে বলা হয়েছে, আরএসএফের নিয়ন্ত্রণাধীন এলাকা থেকে সংগ্রহ করা সোনা তাদের সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠান আল-জুনাইদের মাধ্যমে পাচার হয়ে দুবাইয়ের বাজারে পৌঁছাচ্ছে। অন্যদিকে, সুদানের সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন এলাকা থেকেও সোনা পাচারের অভিযোগ রয়েছে।

এসব সোনা মিশর, ইথিওপিয়া, চাদ, লিবিয়া ও দক্ষিণ সুদানের মতো প্রতিবেশী দেশ হয়ে আন্তর্জাতিক বাজারে প্রবেশ করছে।

সুইসএইডের আরেক তথ্য অনুযায়ী, ২০১২ থেকে ২০২২ সাল পর্যন্ত আফ্রিকা থেকে পাচার হওয়া আড়াই হাজার টনের বেশি সোনা আমিরাতে গেছে। এর আনুমানিক মূল্য ১১৫ বিলিয়ন ডলারেরও বেশি।

শুধু ২০২৪ সালেই আফ্রিকা থেকে পাচার হওয়া ৪১৩ টন সোনা আমদানি করেছে দেশটি।

২০২৩ সালে সোনা পরিশোধনাগারের জন্য নতুন নিয়ম চালু করলেও পাচার বন্ধ হয়নি বলে দাবি করেছে সুইসএইড। বরং অবৈধ সোনার প্রবাহ বেড়েছে।

ফলে প্রশ্ন উঠছে, যুদ্ধবিধ্বস্ত আফ্রিকার মূল্যবান সম্পদ পাচার বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায় কার্যকর পদক্ষেপ নিতে পারবে কি না।