আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশে রেডিওতে ক্রিকেটসংক্রান্ত সব ধরনের অনুষ্ঠান, খবর ও ধারাভাষ্য প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে তালেবান কর্তৃপক্ষ। শনিবার স্থানীয় রেডিও স্টেশনগুলোকে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
প্রতিবেদনে বলা হয়েছে, কান্দাহারের তথ্য ও সংস্কৃতি বিভাগ টেলিফোনের মাধ্যমে স্থানীয় রেডিও স্টেশনগুলোকে নতুন নির্দেশনার কথা জানিয়েছে। এতে ক্রিকেট ম্যাচের ধারাভাষ্য, খেলার খবর এমনকি কোনো দল জিতলে সেই ফলাফল নিয়েও প্রতিবেদন প্রচার নিষিদ্ধ করা হয়েছে।

প্রাদেশিক তথ্য ও সংস্কৃতি বিভাগের এক কর্মকর্তা এএফপিকে বলেন, ক্রিকেট নিয়ে কোনো ধরনের সম্প্রচার করা যাবে না। কান্দাহারের একটি রেডিও স্টেশনের প্রধানও নির্দেশনার বিষয়টি নিশ্চিত করে জানান, কর্তৃপক্ষ ফোন করে ক্রিকেটবিষয়ক সব অনুষ্ঠান ও সংবাদ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

প্রদেশটির আরেকটি রেডিও স্টেশনের ব্যবস্থাপকও একই তথ্য নিশ্চিত করেছেন। নিরাপত্তার কারণে সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজেদের পরিচয় প্রকাশ করতে চাননি।

এ বিষয়ে মন্তব্য জানতে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছিল এএফপি। তবে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, আফগানিস্তানে ক্রিকেট অত্যন্ত জনপ্রিয় এবং তালেবান সরকারেরও খেলাটির প্রতি সমর্থন রয়েছে। গত আগস্টে ক্ষমতায় ফেরার বর্ষপূর্তি উপলক্ষে ক্রিকেট ম্যাচের আয়োজন করেছিল তারা। কান্দাহারেই বসবাস করেন তালেবানের সর্বোচ্চ নেতা।

তবে দেশটিতে খেলাধুলার ক্ষেত্রে বিভিন্ন বিধিনিষেধ রয়েছে। পুরুষ ও ছেলেদের ক্রিকেট খেলার অনুমতি থাকলেও নারী ও মেয়েদের খেলাধুলায় অংশগ্রহণ এবং জিমে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। মিক্সড মার্শাল আর্টও নিষিদ্ধ করেছে তালেবান কর্তৃপক্ষ।

এদিকে, আফগানিস্তান পুরুষ ক্রিকেট দল সংযুক্ত আরব আমিরাতের শারজায় জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলছে।