ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা তৈরি হয়েছে। উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের তিনটি বিমানবাহী রণতরীর উপস্থিতি, বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা এবং হরমুজ প্রণালিতে ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় নতুন সংঘাতের আশঙ্কা বাড়ছে। এর মধ্যেই প্রশ্ন উঠেছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক সংকট মোকাবিলায় ইরানে নতুন হামলার জন্য কি যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছেন?
১৬ নভেম্বর মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী ইউএসএস থিওডর রুজভেল্ট। এর আগে থেকেই সেখানে অবস্থান করছে ইউএসএস জর্জ ওয়াশিংটন ও ইউএসএস জর্জ এইচডব্লিউ বুশ। তবে পেন্টাগন জানিয়েছে, নতুন সামরিক অভিযানের প্রস্তুতি নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলো অনুমাননির্ভর।

এর আগে ১৫ নভেম্বর ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ছয়টি ড্রোন হামলার দাবি করে। একই সময়ে হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে কয়েকটি তেলবাহী ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হওয়ার খবরও সামনে আসে।

অন্যদিকে, ইসরায়েলের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে নেতানিয়াহুর জোট। ১২০ আসনের পার্লামেন্টে তার জোট পেয়েছে ৫৩টি আসন। বিরোধী নেতা গাদি আইজেনকটের জোট পেয়েছে ৪৮টি এবং আরব দলগুলো পেয়েছে ১৯টি আসন। সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন।

এমন পরিস্থিতিতে নেতানিয়াহু ঐক্য সরকার গঠনের প্রস্তাব দিলেও তাতে আগ্রহ দেখাননি আইজেনকট। ফলে ক্ষমতা ধরে রাখা নিয়ে রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে।

আল-মনিটরের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপের পক্ষে যুক্তরাষ্ট্রের কাছে যুক্তি তুলে ধরছেন নেতানিয়াহু। তবে ট্রাম্প প্রশাসনের অবস্থান এখনো পরিষ্কার নয়। একদিকে ইরানের সঙ্গে আলোচনার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলছেন ট্রাম্প, অন্যদিকে নতুন হামলার সম্ভাবনাও পুরোপুরি নাকচ করছেন না।

তিন মার্কিন রণতরীর উপস্থিতি, ইরানের পাল্টা হামলার আশঙ্কা এবং নেতানিয়াহুর রাজনৈতিক সংকট মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তবে যুক্তরাষ্ট্র সত্যিই নতুন সামরিক অভিযান শুরু করবে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো ঘোষণা আসেনি।