আদালতের নির্ধারিত অর্থ পরিশোধ না করায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহুর বিরুদ্ধে কঠোর আইনি এনফোর্সমেন্ট বা কার্যকরীকরণ প্রক্রিয়া শুরু করেছেন দেশটির অন্যতম বিরোধীদলীয় নেতা ইয়াইর গোলান। ডেমোক্র্যাটস পার্টির চেয়ারম্যান ইয়াইর গোলানের আইনজীবীরা সারা নেতানিয়াহুর কাছ থেকে আদালতের পাওনা ২ হাজার শেকেল (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৬ হাজার টাকা) আদায়ের জন্যই মূলত এই আইনি উদ্যোগ নিয়েছেন।
ঘটনার সূত্রপাত সম্পর্কে জানা যায়, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর দেশটির একটি টেলিভিশন চ্যানেলের আলোচনা অনুষ্ঠানে আইডিএফের সাবেক ডেপুটি চিফ অব স্টাফ ও বর্তমান রাজনীতিবিদ ইয়াইর গোলানের বিরুদ্ধে আপত্তিকর ও বিভ্রান্তিকর মন্তব্য করেছিলেন সারা নেতানিয়াহু। তিনি গোলানের বিরুদ্ধে হামাসের সঙ্গে যোগসাজশ থাকার মতো গুরুতর ইঙ্গিত দিয়ে বক্তব্য দিয়েছিলেন। সারা নেতানিয়াহুর এই মন্তব্যকে সম্পূর্ণ ‘মিথ্যা ষড়যন্ত্র’ ও উদ্দেশ্যপ্রণোদিত আখ্যায়িত করে তার বিরুদ্ধে মানহানির আইনি লড়াই শুরু করেন ইয়াইর গোলান।
পরবর্তীতে ওই মানহানি মামলা খারিজের জন্য আদালতে একটি আবেদন করেছিলেন সারা নেতানিয়াহু। কিন্তু গত ১১ অক্টোবর লোদ জেলা আদালত তার সেই আবেদন সরাসরি প্রত্যাখান করেন এবং একই সঙ্গে আইনি খরচ বাবদ সারা নেতানিয়াহুকে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধের নির্দেশ দেন। আদালতের এই আদেশের পর গোলানের আইনজীবীরা গত ১০ নভেম্বরের মধ্যে অর্থ পরিশোধের জন্য তাকে একটি আনুষ্ঠানিক নোটিশ পাঠান। কিন্তু নির্ধারিত সেই সময়সীমা পার হয়ে গেলেও তিনি তা পরিশোধ করেননি। শেষ পর্যন্ত বাধ্য হয়েই আদালতের পাওনা আদায়ে এই এনফোর্সমেন্ট বা কার্যকরীকরণ প্রক্রিয়া শুরু করলেন বিরোধীদলীয় নেতা ইয়াইর গোলানের আইনি প্রতিনিধিরা।
এদিকে সারা নেতানিয়াহুর বিরুদ্ধে এমন আইনি পদক্ষেপ নেওয়ার পরও এখন পর্যন্ত তাঁর বা তাঁর আইনি প্রতিনিধিদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা মন্তব্য পাওয়া যায়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নেতানিয়াহু পরিবারের সঙ্গে বিরোধী নেতাদের এই আইনি ও রাজনৈতিক বিরোধ ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।