মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরি পৌঁছানোর পর সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রেখেছে ইরান। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের যেকোনো ভুল পদক্ষেপের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফার্স নিউজ এজেন্সির বরাতে প্রতিবেদনে বলা হয়, এক বিবৃতিতে ইরানের সেনাপ্রধান জানিয়েছেন, দেশটির সশস্ত্র বাহিনী শত্রুপক্ষের সামরিক তৎপরতা ও গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সামরিক বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

আমির হাতামি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ও তাদের সমর্থকরা কোনো ভুল পদক্ষেপ নিলে তার জবাব হবে আরও বিধ্বংসী। তেহরান এমন শিক্ষা দেবে, যা ভবিষ্যতে সবার জন্য সতর্কবার্তা হয়ে থাকবে।

এর আগে সোমবার (১৬ নভেম্বর) মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস থিওডোর রুজভেল্ট মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। এর মধ্য দিয়ে ওই অঞ্চলে মার্কিন বিমানবাহী রণতরির সংখ্যা দাঁড়িয়েছে তিনটিতে।

এর আগে থেকেই মধ্যপ্রাচ্যে অবস্থান করছে ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ এবং ইউএসএস জর্জ ওয়াশিংটন।

মধ্যপ্রাচ্যে একসঙ্গে তিনটি মার্কিন বিমানবাহী রণতরির উপস্থিতির মধ্যে ইরানের এই সতর্কবার্তা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে নতুন করে গুরুত্ব তৈরি করেছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনার প্রেক্ষাপটে দুই পক্ষের সামরিক তৎপরতার দিকে নজর রাখছেন সংশ্লিষ্ট পর্যবেক্ষকরা।