মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী ও শিশুদের ওপর ব্যাপক যৌন সহিংসতা এবং নির্যাতনের প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা গণহত্যা মামলার রায় পাঠের শুরুতে এসব তথ্য তুলে ধরেন আদালতের প্রেসিডেন্ট বিচারক ইউজি ইওয়াসাওয়া।
আদালত জানায়, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযানের সময় বিপুলসংখ্যক রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যা করা হয়। শিশুদের ওপরও চালানো হয় চরম সহিংসতা। এ ছাড়া বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করা রোহিঙ্গাদের ওপর হামলার ঘটনাও উঠে এসেছে আদালতের পর্যবেক্ষণে।
তবে এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের অধীনে গণহত্যা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে কি না, সে বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়টি আলাদা।
২০১৯ সালের নভেম্বরে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলা করে গাম্বিয়া। দেশটির অভিযোগ, ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর পরিচালিত সামরিক অভিযান ছিল পরিকল্পিত গণহত্যা। ওই অভিযানে অন্তত ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হন।
বর্তমানে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লাখের বেশি রোহিঙ্গা এই মামলার রায়ের দিকে তাকিয়ে রয়েছেন। তাদের প্রত্যাশা, আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্তের মাধ্যমে ন্যায়বিচার এবং নিরাপদে নিজ দেশে ফেরার পথ তৈরি হবে।
২০২০ সালে আইসিজে রোহিঙ্গাদের সুরক্ষা এবং গণহত্যার আলামত সংরক্ষণে মিয়ানমারকে অন্তর্বর্তী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছিলেন।

মন্তব্য করুন