রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া ঐতিহাসিক রায় নতুন করে আলোচনায় এনেছে গাজায় ইসরায়েলের বিরুদ্ধে চলমান গণহত্যার মামলাকে।
গত ১৯ নভেম্বর নেদারল্যান্ডসের দ্য হেগে ৯-৬ ভোটে দেওয়া এই রায়ে গণহত্যার অভিপ্রায় নির্ধারণ এবং গণহত্যা সনদের প্রয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন বিচারকরা।

আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মতে, মিয়ানমারের বিরুদ্ধে দেওয়া এই রায় ইসরায়েলের জন্যও সতর্কবার্তা। কারণ, বর্তমানে আইসিজেতে গণহত্যার অভিযোগে বিচারাধীন অন্য দেশ হলো ইসরায়েল। গাজায় গণহত্যা সংঘটনের অভিযোগে দক্ষিণ আফ্রিকার করা মামলার নিষ্পত্তিতে আরও কয়েক বছর সময় লাগতে পারে।

রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সামরিক বাহিনীর ২০১৭ সালের অভিযানে প্রাণহানি, শিশু হত্যা, যৌন সহিংসতা, বাস্তুচ্যুতি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞকে গুরুত্ব দিয়েছে আদালত। বিচারকদের মতে, সামগ্রিক প্রমাণে গণহত্যার অভিপ্রায়ই ছিল একমাত্র যুক্তিসংগত সিদ্ধান্ত।

বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের হত্যা, বসতবাড়ি ধ্বংস এবং ভূমি পরিষ্কার করে নিরাপত্তা স্থাপনা নির্মাণের মতো বিষয়গুলো গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের অভিযোগের সঙ্গেও তুলনীয় হতে পারে।

আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ উইলিয়াম শাবাসের মতে, মিয়ানমারের বিরুদ্ধে রায়ে ইসরায়েলের জন্যও গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে। তবে দুই ঘটনার প্রমাণ ও পরিস্থিতিতে পার্থক্য থাকায় একই রায় ইসরায়েলের ক্ষেত্রেও আসবে, এমন নিশ্চয়তা নেই।

বিশ্লেষকদের মতে, মিয়ানমারের বিরুদ্ধে এই রায় আন্তর্জাতিক পর্যায়ে গণহত্যার বিচার ও জবাবদিহি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ নজির হয়ে থাকবে।