ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় ৪ হাজার ৮০০ কোটি ডলার ছাড়িয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫ লাখ ৯০ হাজার কোটি টাকা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, পেন্টাগনের কর্মকর্তা আর্থার মিলার আইনপ্রণেতাদের এক শুনানিতে জানান, গত ১৩ নভেম্বর পর্যন্ত এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় দাঁড়িয়েছে ৪ হাজার ৮৩০ কোটি ডলার।

এই ব্যয়ের মধ্যে রয়েছে গোলাবারুদ, সামরিক সরঞ্জাম প্রতিস্থাপন এবং অভিযান পরিচালনার খরচ।

এর আগে গত ১ আগস্ট পর্যন্ত যুদ্ধের ব্যয় ৩ হাজার ৮০০ কোটি ডলার বলে হিসাব দিয়েছিল মার্কিন কংগ্রেসনাল বাজেট অফিস। নতুন হিসাব আগের তুলনায় প্রায় ২৬ শতাংশ বেশি।

তবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ক্ষয়ক্ষতি এবং যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতিতে সৃষ্ট লোকসান এই হিসাবের বাইরে রয়েছে। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কয়েকটি মার্কিন ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে যুদ্ধের প্রভাবে বিশ্ব জ্বালানি বাজারেও অস্থিরতা তৈরি হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাহত করার চেষ্টা করছে ইরান। অন্যদিকে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তেল অবকাঠামো ও জাহাজে হামলা চালাচ্ছে।

এর জবাবে ইরানের বন্দরগুলো অবরোধ করে রেখেছে যুক্তরাষ্ট্র। অবরোধ কার্যকর রাখতে বিমানবাহী রণতরীসহ বিশাল নৌবহর মোতায়েন করেছে ওয়াশিংটন।

যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, ততই বাড়ছে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় ও বিশ্ব অর্থনীতির ওপর চাপ।