বাংলাদেশের তৈরি পোশাক খাতে চলমান অস্থিরতা, ন্যূনতম মজুরি পর্যালোচনা এবং শ্রমিক ও শিল্পপ্রতিষ্ঠানের ওপর এর প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। একই সঙ্গে সংকট নিরসনে সরকার, মালিক ও শ্রমিক—সব পক্ষকে সংলাপ ও শান্তিপূর্ণ সমাধানের পথে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

সম্প্রতি প্রকাশিত এক বিবৃতিতে আইএলও জানায়, তৈরি পোশাক খাতের পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এ খাতে ন্যূনতম মজুরি পর্যালোচনার জন্য সরকারের গঠিত মজুরি বোর্ডের উদ্যোগকে স্বাগত জানিয়েছে সংস্থাটি।

আইএলওর মতে, মজুরি নির্ধারণে মালিক ও শ্রমিক প্রতিনিধিদের অংশগ্রহণ এবং গঠনমূলক আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লাখ লাখ শ্রমিকের কর্মসংস্থানের সঙ্গে যুক্ত এ খাতে ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও শিল্পপ্রতিষ্ঠানের টেকসই কার্যক্রম নিশ্চিত করতে সামাজিক সংলাপ প্রয়োজন।

বিবৃতিতে বলা হয়, আইএলওর ন্যূনতম মজুরি নির্ধারণ কনভেনশন ১৩১ অনুযায়ী মজুরি নির্ধারণ হতে হবে স্বচ্ছ ও তথ্যপ্রমাণভিত্তিক। এতে জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি, শ্রমিকের পরিবারের চাহিদা, উৎপাদনশীলতা, কর্মসংস্থান এবং শিল্পপ্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিতে হবে।

এ ছাড়া পুরো সরবরাহব্যবস্থায় সংশ্লিষ্ট পক্ষগুলোর দায়িত্বশীলতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে সংস্থাটি। দায়িত্বশীল ব্যবসায়িক নীতি ও পণ্য কেনার চর্চা শ্রমিকদের ন্যায্য মজুরি এবং উন্নত কর্মপরিবেশ নিশ্চিতে ভূমিকা রাখতে পারে।

আইএলও সহিংসতা, ভাঙচুর ও বিশৃঙ্খলার ঘটনায় উদ্বেগ জানিয়ে বলেছে, এসব ঘটনা শ্রমিক, ব্যবসা এবং শিল্পসম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। উত্তেজনা প্রশমনে সব পক্ষকে শান্তিপূর্ণ পথ অনুসরণের আহ্বান জানিয়েছে তারা।

সংস্থাটি আরও জানিয়েছে, মজুরি নির্ধারণ প্রক্রিয়ায় সরকার, মালিক ও শ্রমিক সংগঠনগুলোকে কারিগরি সহায়তা ও প্রয়োজনীয় তথ্য-উপাত্ত দিয়ে সহযোগিতা অব্যাহত রাখবে। পাশাপাশি নারী-পুরুষের সমতা বিবেচনায় একটি জাতীয় মজুরি নীতিমালা তৈরিতেও সহায়তা দিতে প্রস্তুত আইএলও।