সম্প্রতি দেশের আরও ১২টি তৈরি পোশাক, টেক্সটাইল ও অ্যাকসেসরিজ কারখানা এ সনদ অর্জন করেছে। নতুন কারখানাগুলোর মধ্যে ৯টি প্লাটিনাম এবং ৩টি গোল্ড ক্যাটাগরিতে স্বীকৃতি পেয়েছে।
ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ১৩৪টি প্লাটিনাম, ১৪৮টি গোল্ড, ১৬টি সিলভার এবং ৪টি সার্টিফায়েড ক্যাটাগরির কারখানা রয়েছে। বিশ্বের সর্বোচ্চ স্কোর পাওয়া ১০০টি লিড সনদপ্রাপ্ত কারখানার মধ্যে ৫৩টিই বাংলাদেশে অবস্থিত।
নতুন কারখানাগুলোর মধ্যে সর্বোচ্চ ৯৭ পয়েন্ট অর্জন করেছে ঢাকার ধামরাইয়ের অ্যাডজি ট্রিমস লিমিটেড। প্রতিষ্ঠানটি প্লাটিনাম সনদ পেয়েছে।
এ ছাড়া ডি অ্যান্ড এস প্রিটি ফ্যাশনস ৯১, প্রবৃদ্ধি অ্যাপারেলস ৮৮, এফকেএল প্রিন্টিং বিল্ডিং ৮৬ এবং এল ইউজিন ফ্যাশন ৮৫ পয়েন্ট পেয়ে প্লাটিনাম সনদ অর্জন করেছে।
প্লাটিনাম সনদ পাওয়া অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ভিজ্যুয়াল ইকো স্টাইলওয়্যার, কেডিএস অ্যাপারেলসের টেক্সটাইল অ্যান্ড ওয়াশিং ইউনিট, প্যাক্সার বাংলাদেশ এবং এক্সপো অ্যাকসেসরিজ।
অন্যদিকে, বার্নালি কালেকশনসের নিটিং ইউনিট ৬৮, বেস্টেক বিডি ৬৬ এবং এক্সপোর্ট বিল্ডিং-২ ৬৪ পয়েন্ট পেয়ে গোল্ড সনদ অর্জন করেছে।
সংশ্লিষ্টদের মতে, সবুজ কারখানার সংখ্যা বৃদ্ধি দেশের পোশাক ও টেক্সটাইল খাতের পরিবেশবান্ধব শিল্পায়নের অগ্রগতি তুলে ধরছে। জ্বালানি সাশ্রয়, পানির সুষ্ঠু ব্যবহার, পরিবেশ সুরক্ষা এবং টেকসই উৎপাদনব্যবস্থা গড়ে তুলতে এসব কারখানা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মন্তব্য করুন