দীর্ঘ বিরতির পর উচ্চপর্যায়ের সফরে ভারতে গেছেন পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের পরিবেশবিষয়ক মন্ত্রী ড. মুসাদ্দিক মালিক। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) ‘সভ্যতা বিষয়ক সংলাপ ফোরাম’-এ যোগ দিতে শুক্রবার (২০ নভেম্বর) তিনি নয়াদিল্লি পৌঁছান।
নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তান হাইকমিশন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তাঁর ভারতে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছে। পোস্টে জানানো হয়, দিল্লিতে আয়োজিত এসসিওর এই সাংস্কৃতিক বৈঠকে পাকিস্তানের প্রতিনিধিত্ব করছেন ড. মুসাদ্দিক মালিক।
পাকিস্তানের কোনো উচ্চপর্যায়ের মন্ত্রীর সর্বশেষ ভারত সফর হয়েছিল ২০২৩ সালে। সে বছর দেশটির তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি এসসিওর একটি সম্মেলনে যোগ দিতে ভারতে গিয়েছিলেন। সেই হিসাবে প্রায় তিন বছর পর আবারও পাকিস্তানের একজন মন্ত্রী ভারত সফর করলেন।
শুক্রবার থেকে শুরু হওয়া এসসিওর ‘সভ্যতা বিষয়ক সংলাপ ফোরাম’-এর সম্মেলন চলবে আগামী ২২ নভেম্বর পর্যন্ত। পাকিস্তান ২০২৬-২৭ মেয়াদের জন্য এসসিওর ‘কাউন্সিল অব হেডস অব স্টেট’-এর বর্তমান সভাপতি।
এসসিওর সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে চীন, ভারত, রাশিয়া, ইরান, পাকিস্তান, বেলারুশ এবং মধ্য এশিয়ার তিন দেশ কিরগিজস্তান, উজবেকিস্তান ও কাজাখস্তান। এসব দেশের প্রত্যেকটির রয়েছে সমৃদ্ধ ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য, যার অনেকগুলোর শিকড় প্রাচীন সভ্যতায় বিস্তৃত।
ভারতের সংস্কৃতি মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে সম্মেলনটি আয়োজন করা হয়েছে। গত বছর চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত এসসিও নেতাদের শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘সভ্যতা বিষয়ক সংলাপ ফোরাম’ গঠনের প্রস্তাব দেন। পরবর্তী সময়ে এসসিও কাউন্সিল সেই প্রস্তাব গ্রহণ করে।
ভারত সরকারের ভাষ্য অনুযায়ী, এই ফোরামের মূল উদ্দেশ্য হলো সদস্য দেশগুলোর পারস্পরিক সংযুক্ত সভ্যতার ঐতিহ্য তুলে ধরা, জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানো এবং আন্তসাংস্কৃতিক সংলাপ ও সহযোগিতাকে উৎসাহিত করা।
ভারত সরকারের একটি সূত্র জানিয়েছে, সম্মেলনে পাকিস্তানের জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আওরঙ্গজেব খান খিচিকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। এ ছাড়া চীন, রাশিয়া, ইরান, বেলারুশ ও মধ্য এশিয়ার দেশগুলোসহ ১০টি সদস্য রাষ্ট্রের সংস্কৃতিমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি ১৫টি সংলাপ অংশীদার দেশ ও পর্যবেক্ষক দেশের প্রতিনিধিরাও এতে অংশ নেওয়ার কথা রয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্মেলনটির উদ্বোধন করেন। দিল্লির ঐতিহাসিক পুরানা কিল্লায় আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠান। ষোড়শ শতাব্দীতে মুঘল সম্রাট হুমায়ুন দুর্গটি নির্মাণ করেছিলেন।
ভারতীয় কর্মকর্তাদের মতে, পুরানা কিল্লায় বিভিন্ন সময়ে পরিচালিত প্রত্নতাত্ত্বিক খননে প্রায় তিন হাজার বছরের ইতিহাসের নিদর্শন পাওয়া গেছে। এসব নিদর্শনের মধ্যে প্রাক-মৌর্য, মৌর্য, শুঙ্গ, কুষাণ, গুপ্ত ও গুপ্ত-পরবর্তী যুগের পাশাপাশি রাজপুত, সুলতানি ও মুঘল আমলের ইতিহাসও উঠে এসেছে।
কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের মধ্যে পাকিস্তানি মন্ত্রীর এই সফর দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগের একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। তবে সফরটির মূল উদ্দেশ্য এসসিওর সাংস্কৃতিক ও সভ্যতাবিষয়ক আলোচনায় পাকিস্তানের প্রতিনিধিত্ব করা।

মন্তব্য করুন