যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে সরকারি সংস্থা ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির (ফেমা) সদর দপ্তরের একটি কক্ষে ছারপোকা পাওয়ায় সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ভবনটি। পাশাপাশি কর্মীদের বাসা থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) এ ঘটনা ঘটে। এবিসি নিউজ জানিয়েছে, ভবনের একটি নির্দিষ্ট কক্ষে ছারপোকার উপস্থিতি শনাক্ত হওয়ার পর কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।
ফেমার এক বিবৃতিতে বলা হয়েছে, ওয়াশিংটনের ৫০০ সি স্ট্রিট সাউথওয়েস্টে অবস্থিত সদর দপ্তরে অল্পসংখ্যক ছারপোকা পাওয়া গেছে। কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে পুরো ভবনে কীটনাশক প্রয়োগ করা হবে। এ কারণে সাময়িকভাবে ভবনে প্রবেশাধিকার সীমিত রাখা হয়েছে।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাশের ৪০০ সি স্ট্রিট সাউথওয়েস্ট ভবনটিও কীটনাশক প্রয়োগের জন্য বন্ধ রাখা হয়েছে। তবে সেখানে ছারপোকার উপস্থিতি পাওয়া যায়নি বলে জানিয়েছে সংস্থাটি।
ফেমা আশা করছে, আগামী সোমবার থেকে দুটি ভবনেই স্বাভাবিক কার্যক্রম শুরু করা সম্ভব হবে।
সংস্থাটি আরও জানিয়েছে, সদর দপ্তর বন্ধ থাকলেও তাদের কার্যক্রম পুরোপুরি সচল রয়েছে। দুর্যোগ মোকাবিলা, জরুরি পরিস্থিতিতে সাড়া দেওয়া এবং বিভিন্ন অঙ্গরাজ্য ও স্থানীয় প্রশাসনকে সহায়তার কাজে কোনো প্রভাব পড়বে না।
অর্থাৎ, ছারপোকার উপদ্রবে সরকারি ভবন বন্ধ হলেও যুক্তরাষ্ট্রের দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম স্বাভাবিক রাখার আশ্বাস দিয়েছে ফেমা।

মন্তব্য করুন