ছবি: -সংগৃহীত
২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামার আগেই দুশ্চিন্তায় পড়েছে আর্জেন্টিনা। দলের গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড় নিকোলাস তালিয়াফিকো ও নিকোলাস গঞ্জালেস শারীরিক সমস্যায় ভুগছেন, যা কোচ লিওনেল স্ক্যালোনির পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে।
আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। তবে প্রস্তুতির এই গুরুত্বপূর্ণ সময়ে ডিফেন্ডার তালিয়াফিকো চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি। অন্যদিকে, উইঙ্গার গঞ্জালেস পেশিতে অতিরিক্ত চাপজনিত সমস্যায় আক্রান্ত হয়েছেন। এ কারণে বুধবার দলের মূল অনুশীলনে অংশ না নিয়ে তারা আলাদাভাবে ফিটনেস নিয়ে কাজ করেছেন।
যদিও আপাতত তাদের কাউকেই বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেওয়ার সম্ভাবনা নেই, তবুও প্রথম ম্যাচে তালিয়াফিকোর মাঠে নামা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। হন্ডুরাসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে শুরুর একাদশে থাকলেও আইসল্যান্ডের বিপক্ষে তাকে মাঠে দেখা যায়নি। এতে তার শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।
আর্জেন্টাইন গণমাধ্যমের দাবি, তালিয়াফিকোর চোট গুরুতর নয়। তবে সতর্কতার অংশ হিসেবে আগামী কয়েক দিনে তার অবস্থার আরও মূল্যায়ন করা হবে। উন্নতি হলে আলজেরিয়ার বিপক্ষে তাকে খেলানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট।
অন্যদিকে, গঞ্জালেসও পুরোপুরি স্বস্তিতে নেই। পেশির চোট কাটিয়ে সম্প্রতি দলে ফিরলেও আইসল্যান্ড ম্যাচের পর আবার কিছুটা অস্বস্তি অনুভব করেছেন। তবে চিকিৎসকরা এটিকে গুরুতর সমস্যা মনে করছেন না; প্রাথমিকভাবে এটি সাধারণ মাংসপেশির সংকোচন বলেই ধারণা করা হচ্ছে।
এরই মধ্যে আর্জেন্টিনা দলে একটি পরিবর্তনও এসেছে। চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া লিওনার্দো বালের্দির পরিবর্তে স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন মার্কোস সেনেসি।
বিশ্বকাপের মতো বড় আসরের আগে দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের ফিটনেস নিয়ে অনিশ্চয়তা আর্জেন্টিনা শিবিরে উদ্বেগ বাড়ালেও দল আশা করছে, সময়মতো তারা পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে পারবেন।