সরকারের বাজেটকে গণমানুষের হিসেবে আখ্যায়িত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বর্তমান বাজেট ব্যাংকনির্ভর নয় বরং সাধারণ মানুষের চাহিদা ও স্বার্থকে কেন্দ্র করেই প্রণয়ন করা হয়েছে।
শুক্রবার কক্সবাজারের চকরিয়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা, কর্মসংস্থান সৃষ্টি এবং তরুণদের জন্য নতুন সুযোগ তৈরি—এসব বিষয় বাজেটে গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি আরও দাবি করেন, রাজস্ব আয়ের পরিধি বাড়িয়ে উন্নয়ন ব্যয়কে অভ্যন্তরীণ উৎস থেকে শক্তিশালী করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে দীর্ঘমেয়াদে বৈদেশিক ঋণ ও ব্যাংক নির্ভরতা কমে আসে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত কয়েক দশকের আর্থিক চ্যালেঞ্জের মধ্যেও স্বল্প সময়ে একটি পূর্ণাঙ্গ বাজেট প্রণয়ন সরকারের একটি বড় অর্জন। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় এই বাজেট বাস্তবায়নযোগ্য ও জনগণমুখী হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, সরকার জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি ভারসাম্যপূর্ণ ও উন্নয়নমুখী অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করেছে, যা দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণির জীবনমান উন্নয়নে সহায়ক হবে।