https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
চট্টগ্রামে জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে হেনস্তার অভিযোগের জেরে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমানকে বদলি করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে তাৎক্ষণিক প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে।
শনিবার (১৩ জুন) রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলীর স্বাক্ষরিত এক আদেশে ওসি আরিফুর রহমানকে সিএমপি লাইন্সে সংযুক্ত করা হয়।
একই আদেশে সিটিএসবিতে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. জাহেদুল কবিরকে বাকলিয়া থানার নতুন ওসি এবং বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলাইমানকে খুলশী থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সিএমপির সহকারী পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা আমিনুর রশিদ শনিবার রাতেই বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে শুক্রবার রাতে ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশ পরিচয়ে আটক, মারধর ও হেনস্তার অভিযোগ সামনে আসে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও ক্রীড়াঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
অভিযোগের পরিপ্রেক্ষিতে খুলশী থানার এক উপপরিদর্শক (এসআই) এবং দুই কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি ঘটনার বিস্তারিত তদন্তও শুরু করেছে পুলিশ।
নাঈম হাসান দেশের জাতীয় ক্রিকেট দলের নিয়মিত সদস্য হওয়ায় ঘটনাটি ক্রীড়াঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। অভিযোগের সত্যতা যাচাই এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।