https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেনি ব্রাজিল। মেটলাইফ স্টেডিয়ামে ১-১ গোলে ড্র করার পর দলের খেলায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন অভিজ্ঞ ডিফেন্ডার দানিলো।
তার মতে, প্রথমার্ধে ব্রাজিলের খেলা এতটাই দুর্বল ছিল যে সমতায় বিরতিতে যেতে পারাটাই ছিল সৌভাগ্যের বিষয়।
ম্যাচ শেষে সংবাদমাধ্যমকে দানিলো বলেন, প্রথমার্ধে দলের মধ্যে উদ্বেগ ও চাপ স্পষ্ট ছিল, যা পারফরম্যান্সে বড় প্রভাব ফেলেছে। তিনি বলেন, বিশ্বকাপের মতো টুর্নামেন্টে এ ধরনের ভুল হলে তার বড় মূল্য দিতে হবে।
তিনি আরও বলেন, “প্রথমার্ধ ১-১ গোলে শেষ হয়েছে, এজন্য আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। এটি আমাদের জন্য শিক্ষা, যা দ্রুতই কাজে লাগাতে হবে।”
ব্রাজিলিয়ান এই ডিফেন্ডারের মতে, প্রথমার্ধে দল কৌশলগত দিক, মানসিক স্থিরতা এবং প্রযুক্তিগত দক্ষতা—সব দিকেই পিছিয়ে ছিল। খেলোয়াড়দের অতিরিক্ত চাপের কারণে একের পর এক ভুল হয়েছে, যা প্রতিপক্ষকে সুবিধা দিয়েছে।
তবে দ্বিতীয়ার্ধে ব্রাজিলের খেলায় উন্নতি এসেছে বলে মন্তব্য করেন দানিলো। কোচের কৌশলগত পরিবর্তন এবং বদলি খেলোয়াড়দের ভূমিকার প্রশংসা করেন তিনি।
তিনি বলেন, দ্বিতীয়ার্ধে দল ধীরে ধীরে শান্ত হয় এবং বলের নিয়ন্ত্রণ ধরে রেখে সুযোগ তৈরি করতে সক্ষম হয়।
হতাশাজনক শুরু সত্ত্বেও দ্বিতীয়ার্ধের পারফরম্যান্স দলকে আত্মবিশ্বাস জুগিয়েছে বলে মনে করেন দানিলো। তার বিশ্বাস, মরক্কোর বিপক্ষে পাওয়া শিক্ষা কাজে লাগিয়ে গ্রুপ পর্বের পরবর্তী ম্যাচগুলোতে ব্রাজিল আরও শক্তভাবে ঘুরে দাঁড়াতে পারবে।