https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার (১৪ জুন) ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা ও ৪৭(৩) ধারার আওতায় ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করা হয়েছে। এই পদক্ষেপ নেওয়া হয়েছে ব্যাংকের স্বার্থ, আমানতকারীদের স্বার্থ এবং জনস্বার্থ বিবেচনায়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আইনটির ৪৭(৩) ধারা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সব ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।
এর ফলে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ইসলামী ব্যাংকের পরিচালনা কার্যক্রম প্রশাসকের তত্ত্বাবধানে পরিচালিত হবে।